আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যেতে পারছে না ম্যানচেস্টার সিটি। ইউরোপা লিগে খেলতে পারবে কি না, সেটি নিয়েই যা একটু কৌতূহল ছিল। সেটাও পারল না রবার্তো মানচিনির দল, বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। আরেকটি লজ্জার ইতিহাসের সঙ্গেও জড়িয়ে গেল সিটির নাম। সিটিই প্রথম প্রিমিয়ার লিগ ক্লাব, যারা কোনো জয় ছাড়াই গ্রুপ পর্ব শেষ করল। সর্বশেষ ব্ল্যাকবার্ন রোভার্স ১৯৯৫-৯৬ মৌসুমে ৪ পয়েন্ট নিয়ে শেষ করেছিল গ্রুপ পর্ব। আর সিটি এবার শেষ করল মাত্র ৩ পয়েন্ট নিয়ে। দিনটা আসলে ইংলিশ ক্লাবগুলোর জন্যই ছিল অপয়া। আর্সেনাল আগেই পরের পর্বের টিকিট কেটে রেখেছিল, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হারাতে হতো অলিম্পিয়াকোসকে। অথচ গ্রিসে আর্সেনাল উল্টো হেরে এসেছে ২-১ গোলে। এন্তার টাকা ঢেলেও যখন খাবি খাচ্ছে সিটি, তখন পিএসজির টাকার জোরটা অন্তত চ্যাম্পিয়নস লিগে কাজে লাগছে। গ্রুপ পর্বে সবার ওপরে থেকেই নকআউট পর্বে গেল ঘরোয়া লিগের চারে থাকা পিএসজি। কার্লো আনচেলোত্তির দল পোর্তোর বিপক্ষে জিতেছে ২-১ গোলে।বার্নাব্যুতে আয়াক্সকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সিটির হারে ইউরোপা লিগের দরজা খুলে গেছে আয়াক্সের সামনে। রোনালদো, কাকা ও ক্যালেয়নের জোড়া গোলের দিনে আসল নায়ক ছিলেন লুকা মডরিচ। দারুণ দুটি গোল বানিয়ে দেওয়ার পর এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের প্রশস্তি গেয়েছেন হোসে মরিনহোই, ‘মডরিচ আমাদের হয়ে বেশ কিছু ম্যাচে আগেই ভালো খেলেছিল। সে বড় মাপের খেলোয়াড়, যে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে।’ আগেই শেষ ষোলো নিশ্চিত করা এসি মিলানও ১-০ গোলে হেরে গেছে জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে। এএফপি, রয়টার্স।