ইংলিশ পেসেই শেষ অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬। না, ভুল করে ইংল্যান্ডের ২৬৯ কে ২৬ লেখা হয়নি, বাদ পড়েনি শেষের ৯ সংখ্যাটি। ক্রিকেটের দুই আদি প্রতিদ্বন্দ্বী সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৬টি ম্যাচ খেলবে এই মৌসুম ও আগামী মৌসুম। পিঠাপিঠি অ্যাশেজ সিরিজ হওয়াতেই ম্যাচের সংখ্যাটাকে বাড়াবাড়ি রকম বেশি মনে হচ্ছে। যার প্রথমটি দেখল কাল এজবাস্টন, চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তাতে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শুরুটা হলো হার দিয়ে।প্রথমে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড বড় রানের আশা জাগিয়েও শেষ পর্যন্ত তুলতে পারে ৬ উইকেট ২৬৯। আজকাল সীমিত ওভারের ক্রিকেটে ২৭০ রানের লক্ষ্যটাকে মাঝারিই বলতে হবে। কিন্তু মাঝারি এই লক্ষ্যের পেছনে ছুটে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৯ উইকেটে ২২১ রান। ইংল্যান্ড ঘরের মাঠের টুর্নামেন্ট শুরু করল ৪৮ রানের জয়ে।ইংলিশ পেসারদের তোপের মুখে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল ধীরগতির। এর সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষ দিকে অলরাউন্ডার জেমস ফকনারের ৪২ বলে হার না মানা ৫৪ রানের ইনিংসও জয়ের আশা জাগাতে পারেনি। তবে ফকনার নন, অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা জর্জ বেইলি। তাঁর আউটের মধ্য দিয়েই মূলত শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়ের আশা।এর আগে ইংল্যান্ডকে ওই পুঁজি এনে দিতে বড় ভূমিকা ইয়ান বেলের। কাউন্টি ক্রিকেটে বেল খেলেন ওয়ারউইকশায়ারে। এই এজবাস্টনই দলটির হোমগ্রাউন্ড। চেনা পরিবেশে হেসেছে বেলের ব্যাট। ইনিংস-সর্বোচ্চ ৯১ রান করেছেন এই ডান হাতি ওপেনারই। রান পেয়েছেন বেলের ওয়ারউইকশায়ার সতীর্থ জোনাথন ট্রটও। ৪৩ রানে ট্রট আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে বেলের সঙ্গে গড়েন ১১১ রানের জুটি। ৩৪তম ওভারে ট্রট আউট হওয়ার সময় ইংল্যান্ডের রান ছিল ১৬৮। ৩০০ ছোঁয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। এর পরই অস্ট্রেলিয়ার বোলাররা চেপে ধরে ইংল্যান্ডকে। পরের ১০ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকেরা। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে রবি বোপারা ও টিম ব্রেসনান ৫৬ রান যোগ করে রানটাকে ভদ্রস্থ করেছেন। এএফপি, ওয়েবসাইট।