ইংলিশ প্রিমিয়ার লিগ ইউনাইটেডেরই
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০তম শিরোপাটা নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান রেখে শিরোপা জেতার পাশাপাশি গত মৌসুমের প্রতিশোধটাও নিশ্চিত করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। গত মৌসুমে গোলগড়ে সিটির কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পরপরই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়টা জানিয়ে রেখেছিলেন ফার্গুসন। ওই প্রত্যয়ের মাধ্যমে মাঠের পারফরম্যান্সটাও অনূদিত হওয়ায় এই মুহূর্তে ইংলিশ ফুটবলের সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কাল ওল্ড ট্র্যাফোর্ডে সমর্থকদের আনন্দ-উল্লাসের প্রস্তুতিটা আগে থেকেই ছিল। ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি হ্যাটট্রিক করে সমর্থকদের সেই আনন্দে দিয়েছেন ভিন্নমাত্রা। ফন পার্সির হ্যাটট্রিকে কাল অ্যাস্টন ভিলাকে কোনো প্রতিপক্ষই মনে হয়নি উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।খেলার দ্বিতীয় মিনিটেই ফন পার্সি গোল করে দলকে এগিয়ে নেন। ১৩ মিনিটে সেই ফন পার্সির আরও একটি গোল সমর্থকদের উল্লাসের মাত্রা দ্বিগুণ করে। ৩৩ মিনিটের সময় নিজের হ্যাটট্রিকটি পূরণ করেন ফন পার্সি। সেই সঙ্গে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ‘গোল্ডেন বুটে’র লড়াইয়ে পেছনে ফেলেন লিভারপুল ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে ফন পার্সির চেয়ে এক গোলের ব্যবধানে পিছিয়ে আছেন সুয়ারেজ।গত বছরের নভেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে চলে আসে আর্সেনালকে হারিয়ে। এ সময় ম্যানচেস্টার সিটি কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলেও নিজেদের গুছিয়ে নিয়ে ইউনাইটেড ফিরে আসে শক্তিমত্তার সঙ্গেই।ডিসেম্বরে রবিন ফন পার্সির শেষ মিনিটের নাটকীয় ফ্রি-কিক গোলে ইতিহাদ স্টেডিয়ামে সিটিকে হারানোর মাধ্যমে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় ইউনাইটেড। বক্সিং ডেতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আরও একটি নাটকীয় জয় শিরোপার আত্মবিশ্বাসকে করে তোলে দৃঢ়তর। ম্যানচেস্টার ইউনাইটেড ২০১২ সাল শেষ করেছিল নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থেকে। নতুন বছর শুরু হওয়ার পর এই ব্যবধান কেবল বেড়েছেই।সাত পয়েন্টে এগিয়ে থাকার পরও ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ছিল। কিন্তু সাউদাম্পটনের কাছে হেরে এবং লিভারপুলের সঙ্গে ড্র করে সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপার রাস্তা একরকম পরিষ্কারই করে তোলে। ওই সময় ফার্গুসনের শিষ্যরা এগিয়ে যায় ১২ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে। এই ব্যবধান ১৫-তে বেড়ে যায় এভারটসের কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ের ফলে।১৫ পয়েন্ট এগিয়ে থাকার পরও সিটির কাছে ঘরের মাঠে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই পরাজয় শিরোপাকে দেরি করালেও কোনো অনিশ্চয়তা তৈরি করেনি। আরেকটি ম্যাচে ওয়েস্টহ্যামের সঙ্গে ইউনাইটেড ড্র করলেও টটেনহামের কাছে সিটি হেরে যাওয়ায় শিরোপা জিততে অ্যাস্টন ভিলার বিপক্ষে একটি জয়ই যথেষ্ট ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউনাইটেড কাল অ্যাস্টন ভিলাকে হারানোর পর ম্যানচেস্টার সিটির হাতে খেলা থাকছে পাঁচটি। এই পাঁচ ম্যাচ থেকে সিটি সর্বোচ্চ পাবে ১৫ পয়েন্ট। ইউনাইটেডের খেলা বাকি আরও চারটি। স্যার অ্যালেক্স ফার্গুসনের জন্যও কালকের রাতটা ছিল অনন্য কীর্তিময়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এটি ছিল ত্রয়োদশ শিরোপা। ১৯৮৬ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর দল প্রথম শিরোপা জেতে ১৯৯২-৯৩ মৌসুমে। কুড়ি বছরের মধ্যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে উপহার দিলেন তোরোটি শিরোপা। এই কীর্তিকে অনন্য বললেও কম বলা হয়।ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিভারপুল। তাদের মোট শিরোপার সংখ্যা ১৮। লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৯০ সালে।