ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হতে চান ম্যারাডোনা
বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের পদটা নিয়ে কম নাটক করেননি ম্যারাডোনা। অনেকের শত অনুরোধ সত্ত্বেও আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও নিজের হারানো সাম্রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে দাবি জানিয়েছিলেন। পর্তুগালের কোচ কার্লোস কুইরোজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচ হতে চাইলেন তিনি।স্কাই স্পোর্টস নিউজকে ম্যারাডোনা বলেছেন, ‘হ্যাঁ, আমি প্রিমিয়ার লিগে কোচের দায়িত্ব নিতে চাই। এখানে অনেক ভালো দল আছে। অনেক ভালো মানের ফুটবলার এখানে খেলে। কিন্তু মুশকিল হচ্ছে, ইংল্যান্ডে যে কয়টি ক্লাব আমি পছন্দ করি, তাদের সবারই ভালো কোচ আছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ পাই, তাহলে আমি সেটা গ্রহণ করব।’ কিছুদিন আগে ম্যারাডোনা অ্যাস্টন ভিলার দায়িত্ব নিতে যাচ্ছেন, এমন গুঞ্জনও বেশ জোরেশোরে শোনা যাচ্ছিল। অবশ্য ম্যারাডোনা তা অস্বীকার করেছেন। তবে আর্জেন্টিনার কোচের আসনটার আশা এখনো ছাড়েননি ম্যারাডোনা। ‘আমি জানি, একদিন আবার জাতীয় দলের দায়িত্ব ফিরে পাব। ওটা আমার নিয়তি। আমি অপেক্ষা করছি’, বলেছেন তিনি। সকারনেট