ইংলিশ প্রিমিয়ার লিগ ভয়ঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। ব্রিটিশরা অন্তত তাই দাবি করে। কিন্তু এই জনপ্রিয় ফুটবল লিগ নাকি ফুটবলারদের ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট—এমনটাই মনে করেন আর্জেন্টাইন তারকা হুয়ান সেবাস্তিয়ান ভেরন। ইংল্যান্ডের বিখ্যাত ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ জনপ্রিয় ঠিক আছে, কিন্তু এই লিগে খেললে খেলোয়াড়দের ক্ষতির আশঙ্কা থেকে যায়। কারণ ইংলিশ লিগের ক্লাবগুলো অনুশীলনের সঠিক পদ্ধতি অনুসরণ করে না। ভেরন মনে করেন, ২০০১ সালে তিনি যখন ইতালীয় ক্লাব ল্যাসিও থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেন, সেই সময়টাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়।ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ভেরনের নাকি ফুটবল খেলার প্রতি অনীহা জন্মেছিল। এর কারণ হিসেবে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন পদ্ধতি ও সমর্থকদের চাপের কথা উল্লেখ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন পদ্ধতি নাকি সেকেলে ও বর্তমান সময়ের অনুপযোগী। ২০০৩ সালে ভেরন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অন্য জনপ্রিয় ক্লাব চেলসিতে নাম লেখান। সেখানেও তিনি একই অবস্থার শিকার হয়েছেন বলে মন্তব্য করেন। ভেরন ইংলিশ লিগের দর্শকদেরও সমালোচনা করেন। ভেরন বলেন, ‘ইংলিশ লিগের দর্শকদের মতো উগ্র দর্শক আমি খুবই কম দেখেছি, যারা কেবল প্রিয় দলের ভালো ফলাফল দেখতেই অভ্যস্ত। এ রকম দর্শক থাকলে খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় বলে তিনি মনে করেন। ভেরন বলেন, এই ধরনের চাপ খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। ইংলিশ লিগে খেলার সময় তিনি নাকি কয়েকবার ফুটবল ছেড়ে দেওয়ার কথাও চিন্তা করেছিলেন। ভেরন তরুণ খেলোয়াড়দের ইংলিশ লিগে খেলার আগে কয়েকবার ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন।