ইংলিশ প্রিমিয়ার লিগই ইংল্যান্ডের ভরাডুবির কারণ: ব্ল্যাটার
৪৪ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই দক্ষিণ আফ্রিকায় এসেছিল ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপ জয় তো দূরে থাক প্রথম রাউন্ডের বাধা পেরোতেই হিমশিম খেতে হয়েছে ইংল্যান্ডকে। কোনমতে প্রথম রাউন্ডের বাধা পেরোলেও দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হার ইংল্যান্ডের লজ্জাজনক বিদায় নিশ্চিত করে। বিশ্বকাপ শেষে বিভিন্ন অনুষঙ্গ বিচারে ৩২ দলের মধ্যে তাদের স্থান হয়েছে ১৩তম। এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বনিম্ন অবস্থান ছিল ১১। তাও বহুবছর আগে ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে।ইংল্যান্ডের এই বাজে পারফরম্যান্সে হতাশাই প্রকাশ করেছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি বলেছেন ‘ বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের একমাত্র কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।’ ব্ল্যাটারের এই মন্তব্যে হতাশ হতে পারেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পেশাদার ফুটবল লিগ-ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তরা। কিন্তু ব্ল্যাটার কেবল ইংলিশ লিগের বিপক্ষে মন্তব্য করেই ক্ষান্ত হননি, তুলে ধরেছেন এই মন্তব্যের পেছনের যুক্তিও। ব্ল্যাটার বলেছেন ‘ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিটি দলে অনেক বেশি বিদেশী খেলোয়াড় খেলে। যা যেকোনো দেশের ফুটবলের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ তিনি আরো বলেছেন,‘বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলটির দিকে দেখুন। দলটির নিয়মিত একাদশের প্রায় সবাই লা লিগার খেলোয়াড়।’ এর পরপরই ইংল্যান্ডের ফুটবল সম্পর্কে আরো একটি মন্তব্য করেছেন তিনি। ‘বিশ্বের সব দেশের ফুটবল এগিয়ে গেলেও ইংল্যান্ডের ফুটবল যে তিমিরে ছিল, সেখানেই রয়ে গেছে।’ বলছিলেন ব্ল্যাটার।ফুটবলের ব্যাপক আন্তর্জাতিকতা কোনো কোনো দেশের জন্য সর্বনাশের কারণ হয়েছে বলে মনে করেন ব্ল্যাটার। তিনি বলেন, ‘এটা ঠিক ফুটবল আগের চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক হয়েছে। এক দেশ থেকে অন্যদেশে খেলোয়াড়েরা খেলতে যাচ্ছে। কিন্তু এই আন্তর্জাতিকতা কারো জন্য মঙ্গলজনক হলেও অনেকের সর্বনাশের কারণ হয়েছে।’