ইংলিশ প্রিমিয়ার লিগে বড়দের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও আলো ছড়িয়েছেন সুয়ারেজ।
আজও আলো ছড়িয়েছেন সুয়ারেজ।

নতুন বছরের প্রথম দিনে কোনো অঘটন ঘটেনি ইংলিশ প্রিমিয়ার লিগে। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল জয় পেয়েছে যার যার ম্যাচে।
কার্ডিফের বিপক্ষে আর্সেনালের আজ জয় পেতে রীতিমতো ঘাম ছুটে গেছে। ৮৮ মিনিটে আর্সেনালকে উদ্ধার করেন নিকোলাস বেন্টনার। অতিরিক্ত সময়ে থিও ওয়ালকোটের গোল গানারদের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান নিশ্চিত করেন। চূড়ান্ত ফল আর্সেনাল ২- কার্ডিফ সিটি ০।
সোয়ানসিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির জিততে বেশ বেগই পেতে হয়েছে। ১৪ মিনিটে ম্যান সিটির গোলের ঢাকনা খোলেন ফার্নান্দিনহো। প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে উইলফ্রায়েড বনির গোলে সমতায় ফেরে সোয়ানসিটি। ৫৮ মিনিটে ইয়া তোরে, ৬৬ মিনিটে আলেকজান্দ্রা কোলারভের গোলে সিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। কিন্তু এদিন অতিরিক্ত সময়ে গোল করা যেন নেশায় পরিণত হয় সোয়ানসিটির বনির! অতিরিক্ত সময়ে আবারো গোল করে বসেন বনি। তবে সেটি কেবল ব্যবধানই কমায়, পরাজয় এড়াতে পারে না। অতঃপর সিটি জেতে ৩-২ ব্যবধানে।
চেলসি অবশ্য হেসে খেলেই উড়িয়ে দিয়েছে সাউদাম্পটনকে। তোরেস, উইলিয়ান ও অস্কারের গোলে ‘ব্লু’রা জিতেছে ৩-০ ব্যবধানে।
ওদিকে লুইস সুয়ারেজ ছুটছেন সুপারসনিক গতিতে! ‘অপ্রতিরোধ্য’ সুয়ারেজের রুখবে, সাধ্য কার!  আজও অল রেডদের গোলের খাতা খুলেছেন এ স্ট্রাইকার। চলতি মৌসুমে ১৫ ম্যাচে সুয়ারেজের গোল ২০টি। দ্বিতীয়ার্ধে ড্যানিয়াল অ্যাগারের গোলে হাল সিটির বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে লিভারপুল।  

২০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট ৪৫। ম্যান সিটির পয়েন্ট ৪৪, চেলসির ৪৩ , লিভারপুলের ৩৯।