ইংলিশ বোলারদের ঘাম ছোটাচ্ছেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রডের বাউন্সারের আঘাতে কাতরাচ্ছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারই আসলে কাতর যন্ত্রণা দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডকে। ছবি: রয়টার্স
ব্রডের বাউন্সারের আঘাতে কাতরাচ্ছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারই আসলে কাতর যন্ত্রণা দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডকে। ছবি: রয়টার্স

তাঁর ব্যাট বেশির ভাগ সময়ই ঝঞ্ঝার মতো উদ্দাম। কিন্তু এবার সেই ব্যাটে লাগাম পরিয়ে রেখেছিল ইংল্যান্ড। অবশেষে শেষ টেস্টে এসে বকেয়া রানগুলো যেন তুলে নিতে শুরু করেছেন শেন ওয়াটসন। শত পেরিয়েছেন আগেই। এই প্রতিবেদন লেখার সময় পেরিয়ে গেলেন দেড় শতকের ঘরও। ক্যারিয়ার সর্বোচ্চ ১৬০ রানে অপরাজিত আছেন তিনি। ৩-০তে পিছিয়ে থেকে এত দিন মাথা হেঁট করে থাকা অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে লড়ছেন মাথা উঁচু করে। ৭৫ ওভার শেষে তাঁদের স্কোর ৩ উইকেটে ২৪৭। স্টিভ স্মিথ ব্যাট করছেন ৪০ রানে।

আগের চার টেস্টে একটাই ফিফটি। তবে সেটি গত টেস্টে ছিল বলেই ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ওয়াটসন। প্রায় তিন বছর বিরতির পর পেলেন পরম আরাধ্যের সেঞ্চুরি। দলীয় ১১ রানে অ্যান্ডারসনের বলে ওয়ার্নারের সাত তাড়াতাড়ি বিদায়ে এসেছেন উইকেটে। সেই পঞ্চম ওভারে নেমেছেন। অপরাজিত আছেন এখনো। ব্যাটও করছেন মারকাটারি ঢংটাকে খোলসের মধ্যে আটকে রেখে। চড়াও হয়ে খেলছেন না বটে, কিন্তু বাজে বলগুলোকে প্রাপ্য ঠিকানায় পাঠাতেও ভুল হচ্ছে না। আর তাই নামের পাশে এখনই ২৩টি চার। ২১০ বলের ইনিংসটাতে আছে একটি ছক্কাও।

শুরুর ধাক্কার পর রজার্সকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন ওপেন, চার, ছয়ের পর এবার তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামা ওয়াটসন। ২৩ রান করে সোয়ানের বলে রজার্স ফিরে গেলে ভেঙে যায় জুটিটা। মাত্র ৭ রান করে মাইকেল ক্লার্ক অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলে ভালো শুরুর পর অস্ট্রেলিয়ার আরেকটি ধসের আশঙ্কা জাগে। ১৪৪ রানে তাদের তখন ৩ উইকেট নেই।

স্মিথকে নিয়ে ওয়াটসনের অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটিটা দূর করেছে সেই ভয়। ওয়াটসনের চোখের সামনে এখন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি।