ইংলিশ মিডিয়া দুঃখিত
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানির সঙ্গে পরাজয় নিয়ে দুঃখ থাকতেই পারে ব্রিটিশদের। কিন্তু তাদের দল যে এমন মর্যাদাহীন পরাজয়ের শিকার হবে, তা কল্পনাই করেনি কেউ। জার্মানির বিপক্ষে ৪-১ গোলের হার ব্রিটিশদের জাত্যাভিমানকে দারুণভাবে আঘাত করেছে বলে মনে করে সে দেশের গণমাধ্যম।এমনিতেই ব্রিটিশ গণমাধ্যমের ‘আবেগী’ হিসেবে একটা বদনাম রয়েছে। ইংল্যান্ডে ‘ভালো’ কিংবা ‘মন্দ’ সব বিষয়েই আবেগটা একটু বেশি ঝরে পড়ে, সে দেশের পত্র-পত্রিকায় লেখকদের লেখায়। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় সেই আবেগ আবার ভর করেছে সে দেশের মিডিয়ায়।বিখ্যাত ফুটবল লেখক জন ডিলন জার্মানির বিপক্ষে পরাজয়ের পর ডেইলি এক্সপ্রেস পত্রিকায় লিখেছেন, ‘জার্মানির বিপক্ষে প্রথমার্ধে অবিচারের শিকার হয়েছে ইংল্যান্ড সন্দেহ নেই। ফ্রাংক ল্যাম্পার্ডের সেই শটটি গোললাইন অতিক্রম করলেও রেফারি তা বাতিল করে দিয়েছে। কিন্তু ম্যাচ শেষে চারটি গোল হজম করার লজ্জার কাছে সেই অবিচারের কান্না বড় নির্মমভাবেই চাপা পড়ে গেছে। ওই অবিচার নিয়ে কথা বলারই আর মুখ নেই ইংল্যান্ডের।জন ডিলন আরও লিখেছেন, বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের এমন লজ্জাজনক বিদায় প্রমাণ করে দিয়েছে, ‘সোনালি প্রজন্মের’ দিন শেষ। উল্লেখ্য, টেরি, ল্যাম্পার্ড, জেরার্ডদের ইংল্যান্ডে সোনালি প্রজন্মের ফুটবলার হিসেবে অভিহিত করা হয়।জন ডিলন তাঁর লেখাটি শেষ করেছেন এভাবে, ‘ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযাত্রা দুঃস্বপ্ন দিয়েই শেষ হলো, যা শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়েই।’আরেক ক্রীড়ালেখক ম্যাট লওটন ‘ডেইলি মেইল’ পত্রিকায় জার্মানির বিপক্ষে এই লজ্জাজনক হারের কোনো অজুহাত নেই বলে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘হতে পারে ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ড একটি ন্যায্য গোল থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তার সঙ্গে ৪-১ গোলে হারার কোনো সম্পর্ক নেই।’ম্যাট লওটন মন্তব্য করেছেন, ‘ইংল্যান্ড কতটা বাজে দল, তা জার্মানি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে।’ডেইলি স্টার পত্রিকা জার্মানির বিপক্ষে এই পরাজয়কে একটি গর্বিত জাতির ‘লজ্জা’ হিসেবে আখ্যায়িত করেছে। পত্রিকাটি তাদের প্রতিবেদনে কোচ ফ্যাবিও ক্যাপেলোকে সাবেক কোচ সভেন গোরান এরিকসনের সঙ্গে তুলনা করে বলেছে, ‘এরিকসন যেমন আগেরবার সব দায় নিজের ঘাড়ে নিয়েছিলেন, ক্যাপেলোকেও তেমনটিই করতে হবে। দলের এই ব্যর্থতার সবচেয়ে বড় দায় তাঁর ওপরই বর্তায়।’ পত্রিকাটি ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ মিশনকে একটি বড় ধরনের ‘দুর্যোগ’ হিসেবে অভিহিত করেছে।ইংল্যান্ডের ‘গার্ডিয়ান’ পত্রিকায় রিচার্ড উইলিয়ামস লিখেছেন, ‘ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ, সেই সঙ্গে শেষ জন টেরি, স্টিভেন জেরার্ডদের আন্তর্জাতিক ক্যারিয়ার।’