ইংলিশ মিডিয়ার তোপের মুখে রবার্ট গ্রিন
কাল রাতটা কেমন কেটেছে রবার্ট গ্রিনের? বিশ্বকাপে দেশের হয়ে প্রথম খেলতে নেমেই স্কুলপড়ুয়া বালকের মতো নিরীহ ধরনের একটি বলে গোল খেয়ে ইংল্যান্ডকে ডুবিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, শনিবার রাতের ভুলটা গ্রিনকে তাড়িয়ে বেড়াবে—এতে কোনো সন্দেহ নেই।যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে চমত্কার সূচনার আশায় যখন ইংলিশ সমর্থকেরা উন্মুখ, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসির বক্সের বাইরে থেকে নেওয়া আপাত নিরীহ একটি গ্রাউন্ডার শট ইংল্যান্ডের গোলরক্ষক রবার্ট গ্রিনের হাত ফসকে জালে জড়িয়ে যায়। খেলাটি দেখতে থাকা কোটি কোটি দর্শক কোনোভাবেই স্মৃতি হাতড়ে মনে করতে পারেননি, বিশ্বকাপের ময়দানে কোনো গোলরক্ষকের এত বাজে ধরনের ভুল তারা অতীতে দেখেছেন কিনা। রবার্ট গ্রিনের সেই ভুল খান খান করে দিয়েছে ইংল্যান্ডের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার স্বপ্ন।আজ রোববার ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোয় যত না ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচের বর্ণনা ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল রবার্ট গ্রিনের ভয়ংকর সেই ভুলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ। ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ পত্রিকা শিরোনাম করেছে রবার্ট গ্রিনের হজম করা গোলটি করা নিয়ে। তারা গ্রিনের হাতকে ‘পিচ্ছিল কাদামিশ্রিত’ হিসেবে বর্ণনা করেছে। ‘সানডে মিরর’ পত্রিকায় প্রতিবেদক ভণিতা না করে সরাসরিই গ্রিনকে পরবর্তী ম্যাচে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। ‘দ্য মেইল’ পত্রিকা পুরো ঘটনাটিকে ‘মহাবিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে। এই পত্রিকাটি আরও এক ধাপ এগিয়ে গ্রিনের মতো একজন অনভিজ্ঞ গোলরক্ষককে প্রথম একাদশে খেলানোর জন্য কোচ ফ্যাবিও ক্যাপেলোকেই ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।আরেকটি পত্রিকা ‘সানডে এক্সপ্রেস’ পত্রিকা বলেছে, বিশ্বফুটবলে যে কয়েকটি গোলরক্ষকের মারাত্মক ভুলে দলের ভরাডুবির ঘটনা রয়েছে, গতকালের গ্রিনের ঘটনাটি তাদের মধ্যে সর্বনিকৃষ্ট। আর্সেনাল ও স্কটল্যান্ডের সাবেক গোলরক্ষক বব উইলসন ‘সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় লেখা তাঁর কলামে বলেছেন, ‘গ্রিনের এই ভুলকে কোনো অজুহাত দিয়েই আড়াল করা যাবে না। পুরো ব্যাপারটিই ঘটেছে গ্রিনের বাজে টেকনিকের কারণে।’বিশ্বকাপের অনেক আগে থেকেই ইংল্যান্ডের গোলরক্ষক সমস্যা নিয়ে অনেক কথা হয়েছে। স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস কিছুদিন আগেই বলেছিলেন, এই বিশ্বকাপে ইংল্যান্ড কেবল গোলরক্ষক সমস্যার কারণেই ভুগবে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ডেভিড সিম্যান, পল রবিনসন, স্কট কারসন ও ডেভিড জেমসের মতো গোলরক্ষকদের ভয়ংকর সব ভুলের খেসারত দিয়েছে। গতকাল ইংলিশ দলের অভিশপ্ত স্থান গোলরক্ষণের সর্বশেষ বাজে উদাহরণটি তৈরি করলেন রবার্ট গ্রিন।