ইংলিশ লিগে অঁরি-বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই দুই মাসের জন্য ধারে খেলতে আসা। তবে এই ছোট্ট যাত্রাটারই শুরু আর শেষটা একবিন্দুতে মিলিয়ে দিলেন থিয়েরি অঁরি। জানুয়ারিতে প্রত্যাবর্তন ম্যাচেই গোল করে আর্সেনালকে জয় এনে দিয়েছিলেন। পরশু এবারের প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচেও জয়সূচক গোল করে আর্সেনালকে জয় উপহার দিয়েছেন অঁরি। যেন একটা রূপকথার সমাপ্তি।আগামী বুধবার আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাও হয়তো খেলবেন। তবে পরশু সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে অঁরির শেষ ম্যাচ। আর বিদায়ী ম্যাচটাকে রাঙালেন দলের জয়সূচক গোল করে। ৬৬ মিনিটে বদলি হিসেবে যখন মাঠে নামেন, ম্যাচটি গোলশূন্য। তাঁর নামার ৪ মিনিট পরই গোল খেয়ে বসে আর্সেনাল। অবশ্য জেমস ম্যাকক্লিনের দেওয়া গোলটি আর্সেনাল শোধ করে দেয় ৬ মিনিট পরই, গোলদাতা অ্যারন র‌্যামসে।ড্র মেনেই যখন মাঠ ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে সবাই, তখনই মঞ্চে অঁরি। ৯০ মিনিটে তাঁরই দেওয়া গোলে আর্সেনাল ভাসল জয়ের আনন্দে। যে জয় চেলসিকে টপকে আর্সেনালকে তুলে দিয়েছে চতুর্থ স্থানে। ম্যাচ শেষে কোচ আর্সেন ওয়েঙ্গার অঁরির প্রশংসায় ছিলেন পঞ্চমুখ, ‘থিয়েরি একটা কিংবদন্তির শেষ টানল। আশা করব, বুধবার চ্যাম্পিয়নস লিগেও একই রূপে দেখা যাবে তাকে। এই ধরনের খেলোয়াড়েরা কখনো হারে না। ব্যতিক্রমী প্রতিভারাই টিকে থাকে, ম্যানচেস্টার ইউনাইটেডের যেমন রায়ান গিগস, পল স্কোলস, তেমনি আমাদের আছে থিয়েরি।’আবারও কি কখনো অঁরিকে দেখা যাবে এমিরেটসে? সম্ভাবনার দুয়ারে তালা ঝুলাচ্ছেন না ওয়েঙ্গার, ‘আগামী মৌসুমেই আমরা দেখব। সে হয়তো একটা পর্যায়ে গিয়ে থামতে চাইবে। আমি জানি, সে চলে গেলে লোকে জ্বালিয়ে মারবে, বলবে, “কেন সে থাকল না?”আর্সেনালের উল্টো ছবি চেলসিতে। আন্দ্রেস ভিলাস-বোয়াসের দল ২-০ গোলে হেরে গেছে এভারটনের কাছে। এই হার চতুর্থ স্থান থেকে চেলসিকে টেনে নামিয়েছে পাঁচে। সমর্থকেরা কোচ ভিলাস-বোয়াসকে ‘তুমি জানোই না, তুমি কী করছ’ কোরাস গেয়ে দুয়ো দিলেও ভিলাস-বোয়াস উড়িয়েই দিয়েছেন বিষয়টি, ‘এটা কোচের কাজেরই একটা অংশ।’ তবে এভারটনের কাছে হারটা মানতে পারছেন না চেলসি কোচ নিজেও, ‘আমি মনে করি, মৌসুমে এটাই ছিল আমাদের সবচেয়ে বাজে ম্যাচ।’টটেনহাম নিজেদের কাজটা করে যাচ্ছে নীরবে। হ্যারি রেডন্যাপের দল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসলকে। তিন নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট এখন ২৫ ম্যাচে ৫৩। দুই শীর্ষ দল ম্যানইউ, ম্যান সিটিও শিরোপা প্রতিদ্বন্দ্বী ভাবছে তাদের। কিন্তু কোচ রেডন্যাপ বলছেন তাদের লড়াইটা চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত করা।এদিকে কাল রাতে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেল সিটি। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন জোলিওন লেসকট। এএফপি।