ইংলিশ লিগে খেলতে কষ্ট হতো মেসির: রুনি
বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করলেন মেসি। ৩১ গোল করে প্রথমে জিতলেন স্প্যানিশ লিগ শিরোপা। এরপর ইউরোপ-সেরার লড়াইয়ে রেকর্ড ১২টি গোল করে কাতালানদের মাতালেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উল্লাসে। কিন্তু স্পেনে দুর্দান্ত খেললেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আর্জেন্টিনার এই খুদে জাদুকরকে অনেক ঘাম ঝরাতে হতো বলে মন্তব্য করেছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি।টক-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে রুনি বলেছেন, ‘বার্সেলোনায় মেসি যেভাবে খেলে, সেভাবে এখানে খেলাটা অনেক কঠিন। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাটা অনেক বেশি শরীরনির্ভর। স্ট্রোক সিটি বা বার্মিংহামের মতো দলের বিপক্ষে খেলাটা অনেক কঠিন। মেসির এখানে খেলতে অনেক কষ্ট হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে মেসির চেয়ে রোনালদো অনেক বেশি ভালো খেলতে পারবে। রোনালদোর শারীরিক গঠন অনেক ভালো। ইংল্যান্ডে খেলাটা মূলত পাল্টা আক্রমণভিত্তিক। আর স্পেনে পুরো খেলার ওপরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়।’২০০৯ সালের মতো এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও বার্সেলোনার কাছে হার স্বীকার করতে হয়েছে ইংলিশ লিগের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে। মেসি-জাভি-ইনিয়েস্তার সমন্বয়ের কাছেই হার মানতে হয়েছে বলে স্বীকার করেছেন রুনি। বলেছেন, ‘মেসি বার্সেলোনাকে জয় এনে দেয়। কিন্তু জাভি আর ইনিয়েস্তা প্রতিপক্ষের পা ভেঙে দেয়। তাদের কাছাকাছি পৌঁছতেই প্রতিপক্ষের খেলোয়াড়দের অনেক ঘাম ঝরাতে হয়। অন্য যে কারও চেয়ে তাদের বিপক্ষে খেলাটাই সবচেয়ে কঠিন।’ ইএসপিএন।