ইংলিশ লিগের সেরা সুয়ারেজ

এক বছর আগে লুইস সুয়ারেজ ছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে নিন্দিত খেলোয়াড়। চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচের জন্য। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই সুয়ারেজই ভাসছেন প্রশংসার ভেলায়। তাঁর হাতেই উঠেছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ১৯৯২ সালের পর লিভারপুলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন সুয়ারেজ। এর আগে ২০০৫-০৬ মৌসুমে বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হয়েছিল লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডের নাম।
১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এবারের মৌসুমে প্রথম চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি সুয়ারেজ। তার পরও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই আছেন এই তারকা স্ট্রাইকার। করেছেন ৩০টি গোল। আর মাত্র একটি গোল করতে পারলেই সুয়ারেজ ছুঁয়ে ফেলবেন এক মৌসুমে সর্বোচ্চ ৩১টি গোল করার রেকর্ড। সতীর্থদের দিয়েও করিয়েছেন ১২টি গোল। সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২৪ বছর পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লিভারপুল। অল রেডরা শেষ পর্যন্ত সফল হতে পারবে কি না, সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে সুয়ারেজ এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এখনই পেয়ে গেছেন। প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর উরুগুয়ের এই স্ট্রাইকার বলেছেন, ‘প্রিমিয়ার লিগে অনেক ভালো ভালো ফুটবলার খেলে। তাদের মধ্যে সেরা বিবেচিত হওয়াটা সত্যিই সম্মানের ব্যাপার।’
সুয়ারেজ পুরস্কারটা জিতেছেন তাঁরই লিভারপুল সতীর্থ স্টিভেন জেরার্ড, ড্যানিয়েল স্টুরিজ, চেলসি মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড ও ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরেকে পেছনে ফেলে। হ্যাজার্ডকে অবশ্য তার পরও খালি হাতে ফিরতে হয়নি। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। রয়টার্স