ইংলিশ শিরোপা চেলসির
২০০৭ সালে রোমান আব্রামোভিচ যখন হোসে মরিনহোকে বরখাস্ত করেন, তখন বলেছিলেন—শিরোপার চেয়েও বেশি কিছু চান তিনি। চেলসির মালিকের দেওয়া পাদটীকাটি ছিল এমন, ‘আমি এমন একটি দল চাই যারা আমাকে শিরোপার সঙ্গে রোমাঞ্চও উপহার দিতে পারবে।’কার্লো আনচেলত্তি এবং তাঁর ‘নীল’ বাহিনী আব্রামোভিচকে পরশু দুটোই দিল একসঙ্গে। শিরোপা, সঙ্গে ফুটবলের রোমাঞ্চও। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে উইগানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ৩ বছর পর চেলসিকে শিরোপা এনে দিলেন আনচেলত্তি। স্টামফোর্ড ব্রিজের ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন আব্রামোভিচ। দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আর নিকোলাস আনেলকারা একেকটা গোল করেন, আর টিভি ক্যামেরা গিয়ে পড়ে আব্রামোভিচের মুখের ওপর। মিষ্টি হাসি ছড়ানো মুখে মিশে ছিল ফুটবল রোমাঞ্চ আস্বাদনের তৃপ্তি, ছিল শিরোপা জয়ের আনন্দ। এএফপি, ওয়েবসাইট।এবারের প্রিমিয়ার লিগ বলতে গেলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। ব্যাটনটা কখনো ছিল চেলসির হাতে, কখনো সেটা নিয়ে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কখনো আর্সেনালের মধ্যেও বিজয়ের আভাস জেগে উঠেছে। পরশু তিনটি দলই তাদের মৌসুম শেষ করল। ম্যানইউ স্টোকের বিপক্ষে ৪-০ গোলে জিতে হলো রানার্সআপ। আর্সেনালও ফুলহামকে ৪-০ গোলে হারিয়েছে, পেয়েছে তৃতীয় স্থান। কিন্তু আব্রামোভিচকে ম্যানইউ, আর্সেনাল ও লিভারপুলের বিপক্ষে নিজেদের ও তাদের মাঠে জয়ের তৃপ্তি উপহার দেওয়া চেলসি জিতল এর দ্বিগুণ ব্যবধানে। এ মৌসুমে এই নিয়ে চতুর্থবার ৭ বা তারও বেশি গোল করার কীর্তি গড়ল চেলসি। কেউ একটু বেশি পাচ্ছেন, কেউ একটু কম পাচ্ছেন—তবে গড় করলে চেলসির প্রায় সব শীর্ষ খেলোয়াড়ই পাচ্ছেন ভালো বেতন। এ কারণেই খেলোয়াড়দের বেতন বাবদ এ বছর ২১০ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে আব্রামোভিচকে। এর ভালোই প্রতিদান পেয়েছেন তিনি। দেশ-জাতি আর বেতনের ওই সামান্য ফারাকটুকু ভুলে চেলসি পরিণত হয়েছে একটি পরিবারে। যে পরিবারের অভিভাবক ইতালিয়ান কোচ আনচেলত্তি। তাঁর অধীনে চেলসির পরশুর ৮ গোলেও ছিল বহুজাতিক ছোঁয়া। দুর্দান্ত এক ভলিতে গোলের শুরুটা করে দিয়েছিলেন ফ্রান্সের আনেলকা। এর পর ইংলিশ মিডফিল্ডার ল্যাম্পার্ডের গোলে ২-০-তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধ ছিল আইভরিয়ানদের। সলোমন কালুর গোলের পর তাঁর আইভরিয়ান সতীর্থ চেলসির আইকনিক খেলোয়াড় দ্রগবা করলেন হ্যাটট্রিক। সবার শেষে এল ইংলিশ ছোঁয়া, অ্যাশলি কোলের শেষ মুহূর্তের গোল। রাশি রাশি গোল মৌসুমজুড়ে করেছে চেলসি। ৪৭ বছরের মধ্যে লিগে এক শ (১০৩) গোল করা প্রথম দল তো আর এমনিতেই হয়নি ‘ব্লু’রা।চেলসি মালিক আর সমর্থকদের আনন্দ দিতে পেরে মহা খুশি কোচ আনলচেলত্তি, ‘দারুণ। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমিও ক্লাবের জন্য সেরাটা দিয়েছি। দারুণ একটা প্রিমিয়ার লিগ কাটল আমাদের। আসলে শীর্ষে থেকে লিগ শেষ করাটা আমাদের প্রাপ্য ছিল।’ প্রাপ্য বুঝে পাওয়ার কথা বললেন চেলসি অধিনায়ক জন টেরিও, ‘গত তিনটি বছর ওরা (ম্যানইউ) ট্রফি হাতে নিয়েছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি। এবার ওদের দেখার পালা। আজ শুধুই চেলসির দিন।’শুধু চেলসির নয়, দিনটি টেরিরও। ওয়েইন ব্রিজের সাবেক স্ত্রীর সঙ্গে গোপন প্রেম নিয়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব হারিয়েছেন। পরশু তাই চেলসির অধিনায়ক হিসেবে প্রিমিয়ার লিগের ট্রফি হাতে নেওয়াটা টেরির জন্য একটু বেশিই আনন্দের ছিল। আর এই আনন্দটা ছেলেমেয়ের সঙ্গে ভাগ করে নিলেন টেরি। দুই ছেলেমেয়েকে নিয়ে মাঠে প্রাণভরে উদ্যাপন করলেন বিশেষ মুহূর্তটা।