ইংলিশদের অন্য রকম দুপুর
স্টুয়ার্ট ব্রড রীতিমতো হতভম্ব। হাত মাথায়, বিস্ময়ভরা দৃষ্টি। জোনাথন ট্রট, জো ডেনলির বলে রবিউল চার-ছয় মারছেন দেখে নিজেই বল হাতে নিয়েছিলেন ব্রড। কিন্তু রবিউল তখন রুদ্রমূর্তিতে, ইংল্যান্ডের মূল পেসারকে সম্মান দিতে বয়েই গেছে, প্রথম বলেই পুল করে ছয়! মিরপুর ১৩ নম্বর সেকশনের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমন তুলোধুনোই হতে হয়েছে ইংলিশ বোলারদের। তার পরও তাঁদের মুখে হাসি, যেন চার-ছয় খাওয়ার চেয়ে মজার কিছু আর নেই। এখানে প্রতিপক্ষ তো আর বাংলাদেশ জাতীয় দল নয়, ওই শেরেবাংলা স্কুলের ছাত্র-ছাত্রীরা। পঞ্চম শ্রেণীর ছাত্র আল মামুনের হাতে দুর্দান্ত একটা ছয় খাওয়ার পর ব্রডের উপলব্ধি, ‘এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছয় জীবনে খুব বেশি খাইনি!’ ছাত্ররা তো ছিলই, ছাত্রীরাও কম যায়নি। নাসরিন, বন্যারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে মহিলা ক্রিকেটের ভবিষ্যত্ও উজ্জ্বল!পুরো সপ্তাহ ধরে অপেক্ষা এই শুক্রবারের জন্য! ছুটির দিনেও শেরেবাংলা স্কুলের ছাত্রছাত্রীরা এল হাসিমুখেই, স্বতঃস্ফূর্তভাবে। তাঁদের একঘেয়ে জীবনে এমন আনন্দের দিন যে খুব কমই এসেছে। দূর আকাশের তারাদের পেয়েছিল তারা হাতের কাছে। যাদের এত দিন শুধু দেখে এসেছে টিভি পর্দায়, তাঁদের শুধু চাক্ষুষ দেখাই নয়, একসঙ্গে খেলা, মজা করা—ছাড়িয়ে গেল কল্পনার সীমাটাও।তবে শুধু ক্রিকেট খেলতে কিংবা মজা করার জন্যই নয়, একটা মহত্ উদ্দেশ্যই ছিল ইংলিশ ক্রিকেটারদের। তাদের আগমন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্যোগে। বিশ্বজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা বৃহত্তম এ বছরই ৭৩টি দেশের ৯০ মিলিয়ন শিশুকে খাদ্য সাহায্য দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধেছে। শেরেবাংলা স্কুলও এর আওতায়। স্কুলে তারা বিতরণ করে এমন এক বিস্কুট, যেটি একই সঙ্গে পুষ্টিকর, আবার ক্ষুধাও মেটায় এবং শিশুদের পড়াশোনায় মনোযোগীও করে তোলে। বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম দেখতে আর বিশ্বজুড়ে ক্ষুধার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই ইংলিশ ক্রিকেটারদের এই অভিযান, পুরো আয়োজনের নামটাও দারুণ, ‘ক্ষুধার বিরুদ্ধে ক্রিকেট!’ গিয়েছিলেন ওয়ানডে দলে থাকা ১৬ জনের ১১ জনই।ব্রডদের চমকের শুরু অবশ্য খানিক আগে ক্লাসরুমে। বাস থেকে নেমে লুক রাইট, ব্রড, আজমল শাহজাদ ও ক্রেইগ কিসওয়েটাররা ঢুকে যান তৃতীয় শ্রেণীতে। পুরো ক্লাস একসঙ্গে বলে ওঠে, ‘হাউ আর ইউ?’ উত্তর দিতে না দিতেই আবার সমস্বরে চিত্কার, ‘উই লাভ ক্রিকেট, উই লাভ ইংলিশ ক্রিকেট টিম।’ দু-তিনজন আবার শুনিয়ে দেন ইংরেজি ছড়া। বিস্মিত হওয়ার পর এবার বিস্মিত করার পালা। রাইট আর ব্রড বসে যান ছাত্রীদের বেঞ্চে, উল্টেপাল্টে দেখেন তাদের পাঠ্যবই। এরপর সবার হাতে তুলে দেন বিস্কুট। ক্লাসরুম থেকে বেরোনোর সময় সবার সঙ্গে করেন ‘হাই ফাইভ।’ দলে ঢোকার পর প্রথম পূর্ণাঙ্গ সফরেই ব্যতিক্রমী অভিজ্ঞতা, পেসার শাহজাদ মুগ্ধ, ‘শিশুদের সঙ্গে যখন হাত মেলাচ্ছিলাম, ওদের মুখের হাসি দেখে মনটা জুড়িয়ে গেছে। এখানে আসতে পেরে আমি নিজেই সম্মানিত বোধ করছি।’শ্রেণীকক্ষ থেকে বের হয়ে ট্রেনিং সেশন। কয়েকটি ভাগে ভাগ হয়ে ইংলিশ ক্রিকেটাররা স্কুলের ছেলেমেয়েদের শেখালেন ব্যাটিং-বোলিংয়ের কখগ। এরপর যখন ম্যাচ শুরু হলো মাঠের চারপাশে ততক্ষণে উপচে পড়া দর্শক। মূল গেট বন্ধ, কিন্তু বাউন্ডারি দেয়ালের ওপর, বাড়িঘরের ছাদে শত শত উত্সুক দর্শক। ঘণ্টা দুয়েক মাতিয়ে যখন বাসে উঠছেন, সাইডবটমরা হয়তো জানেন না কী স্বপ্নের বীজ তারা বুনে গেলেন। শুনুন পঞ্চম শ্রেণীর ছাত্র মিন্টুর কথা, ‘ওদের বলে চার মেরেছি, আমি জীবনেও ভুলব না। আমিও ওদের মতো ক্রিকেটার হতে চাই।’