ইংলিশদের আরও একটি ভুলে যাওয়ার দিন, জয়ের আরও কাছে অস্ট্রেলিয়া

আরেকটি পরাজয়ের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ ব্যাশ লিগে নিজের অভিষেকে প্রথম ২ ওভার বোলিং করেই ৪ উইকেট নিলেন সাকিব মাহমুদ। বিগ ব্যাশের ইতিহাসে ইনিংসের প্রথম ৩ ওভারে ৪ উইকেট নেওয়া প্রথম বোলার হয়ে গেলেন ইংলিশ পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ইংলিশ ক্রিকেটারের ইতিবাচক কিছু খুঁজতে গেলে আজ গ্যাবায় ব্রিসবেন হিটের বিপক্ষে সিডনি থান্ডারের হয়ে খেলা সাকিবের দিকেই তাকাতে হবে। অ্যাডিলেড টেস্টে যে তেমন আশাজাগানিয়া কিছুই নেই ইংল্যান্ডের!

চতুর্থ দিন শেষে ইংল্যান্ডকে ডিঙাতে হচ্ছে বিশাল এক পাহাড়। রানের হিসাবে শেষ দিন ইংল্যান্ডকে তুলতে হবে আরও ৩৮৬ রান—অ্যাশেজ তো বটেই, গড়তে হবে বিশ্ব রেকর্ডই। আর একটু কম ‘অসম্ভব’ সমীকরণে হিসাব করলে, ৬ উইকেট বাকি নিয়ে ইংল্যান্ডকে অ্যাডিলেডে ড্র করতে হলে খেলতে হবে পুরোটা দিন। ফ্লাডলাইটের আলোয় আজ চতুর্থ ইনিংসে খেলতে নেমে ইংল্যান্ড হারিয়ে ফেলেছে প্রথম চারজন ব্যাটসম্যানকেই।

ইংল্যান্ডের অবস্থা এখন রুটের এ ছবিটার মতোই!
ছবি: এএফপি

৪৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর সাফল্য পেতে অস্ট্রেলিয়াকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ওভারে ঝাই রিচার্ডসনের লাফিয়ে ওঠা বলে ভড়কে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন হাসিব হামিদ। ররি বার্নস ও ডেভিড ম্যালান অবশ্য একটু লড়াইয়ের চেষ্টা করেছেন। দুজনের জুটি টিকেছে ১৯ ওভারের একটু বেশি। ম্যালান স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন, আর বার্নস বেঁচেছিলেন রিভিউ নিয়ে এলবিডব্লিউর হাত থেকে। তবে দ্বিতীয় সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি কেউই।

মাইকেল নেসারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ম্যালান করেছেন ৫২ বলে ২০। আর ভালো বোলিংয়ে পুরস্কার হিসেবেই বার্নসের উইকেটটা পেয়েছেন ঝাই রিচার্ডসন, ইংল্যান্ড ওপেনার স্লিপে স্মিথের হাতে ধরা পড়ার আগে ৯৫ বলে করেছেন ৩৪ রান। ইংল্যান্ড এর চেয়ে বড় ধাক্কা খেয়েছে দিনের শেষ ওভারে। একটু আগেই মিচেল স্টার্কের বলে তলপেটে আঘাত পেয়ে নড়বড়ে হয়ে পড়েছিলেন রুট। সে কারণেই কিনা স্লিপে ক্যাচ দিয়ে দিলেন। তাঁর আউটের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে দিনের খেলা।

এর আগে ইংল্যান্ডের জন্য সকালটা শুরু হয়েছিল দুঃসংবাদ পেয়েই, সেটিও রুটকে ঘিরেই। ওয়ার্ম-আপে তলপেটে আঘাত পেয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল রুটকে। তাঁর বদলে দায়িত্ব পালন করেছেন বেন স্টোকস। রুটের অনুপস্থিতিতে ওলি রবিনসন মিডিয়াম পেসের বদলে করেছেন অফ স্পিনও!

ইংল্যান্ড অবশ্য সফল হয়েছিল দ্রুতই। ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া নাইটওয়াচম্যান মাইকেল নেসার ও ওপেনার মার্কাস হ্যারিসকে হারিয়েছিল দিনের ৩ ওভারের মাঝেই। নেসারকে বোল্ড করেছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়েছেন হ্যারিস।

৫৪ বলে ৫১ রানের দ্রুতগতির ইনিংস খেলেন হেড
ছবি: এএফপি

এরপর স্টিভ স্মিথকে ফেরান ওলি রবিনসন, ৫৫ রানেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে মারনাস লাবুশেন ও ট্রাভিস হেডের প্রতি-আক্রমণ এগিয়ে নেয় তাদের। দুজনের জুটিতেই ১০৫ বলে ওঠে ৮৯ রান। ৯৬ বলে ৫১ রান করে ম্যালানের প্রথম টেস্ট উইকেটে পরিণত হন লাবুশেন। এর আগেই ৫৪ বলে ৫১ রানের দ্রুতগতির ইনিংস খেলেন হেড। অ্যালেক্স ক্যারি রুটের বলে বোল্ড হয়ে দ্রুত ফিরলেও ইনিংস ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। অষ্টম ও নবম উইকেটে তারা যোগ করে আরও ৫০ রান।