ইংলিশদের ক্লার্ক-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮৭ রানে বোল্ড হওয়ার আগে দলকে বড় রানে রেখে গেলেন মাইকেল ক্লার্ক ষ রয়টার্স
১৮৭ রানে বোল্ড হওয়ার আগে দলকে বড় রানে রেখে গেলেন মাইকেল ক্লার্ক ষ রয়টার্স

স্যার ডন ব্র্যাডম্যান ৩৩৪, মার্ক টেলর ৩৩৪। বিশ্ব রেকর্ডের পিছু নেওয়ার চেয়ে ব্র্যাডম্যানের পাশে থাকাটাকেই বড় সম্মান মনে করেছিলেন টেলর। মাইকেল ক্লার্কও কি তেমন কিছু চাইলেন?
১৯৪৬-৪৭ অ্যাশেজে ব্রিসবেনে ১৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান। ক্লার্কও কাল থমকে গেলেন ১৮৭ রানেই। ব্র্যাডম্যানের ইনিংসটি ছিল ৩১৩ বলে, ক্লার্কের ৩১৪ বলে। টেলরের মতো ইনিংস ঘোষণা করেননি ক্লার্ক। তবে যেভাবে আউট হলেন, মনে হচ্ছিল যেন স্বেচ্ছামৃত্যু! অসাধারণ মনঃসংযোগ আর চোখ-ধাঁধানো সব শটের ইনিংসটা শেষ হলো ওয়ানডে শটে। স্টুয়ার্ট ব্রডকে থার্ডম্যানে গ্লাইড করতে গিয়ে বল টেনে আনলেন স্টাম্পে। বলে রাখা ভালো, ব্র্যাডম্যানও কিন্তু সেবার ১৮৭ করে বোল্ড হয়েছিলেন!
অনেক কিছু এভাবে মিলে গেল বলেই ব্র্যাডম্যানকে টেনে আনা। নইলে ক্লার্ক নিশ্চয়ই এত কাছে গিয়ে ডাবল সেঞ্চুরিটা হাতছাড়া করতে চাননি! ক্লার্ক থামলেও অবশ্য থামেনি অস্ট্রেলিয়া। ব্র্যাড হাডিন ও মিচেল স্টার্কের দুর্দান্ত দুটি ইনিংসে ঠিকই ছাড়িয়েছে ৫০০। ক্লার্ক ইনিংস ঘোষণা করে দিয়েছেন চা-বিরতির পর পরই। দিনের খেলার তখনো বাকি ৩৪ ওভার, চাইলে আরও ঘণ্টা খানেক ব্যাটিং করে রান-পাহাড়টা উঁচু করা যেত। কিন্তু ক্রিকেট-দর্শনে ক্লার্ক যে বরাবরই আক্রমণাত্মক!
ডাবল সেঞ্চুরিটা হাতছাড়া হলো বুঝি ওই কারণেই। অতি আক্রমণাত্মক হতে গিয়ে যেমন আরেকবার সেঞ্চুরি হাতছাড়া করেছেন স্টিভেন স্মিথ। দুজন মিলে কাল সকালে ফিরিয়ে এনেছিলেন আগের দিনের বিকেলটাই। প্রথম ঘণ্টায় দুজনই খেলেছেন দারুণ। হঠাৎই স্লগ সুইপ করতে গিয়ে বল আকাশে তুললেন স্মিথ, ক্যারিয়ারে অযুতবারের মতো স্পেলের প্রথম ওভারে উইকেট নিলেন সোয়ান। ততক্ষণে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ উইকেটে প্রথম ২০০ রানের জুটি হয়ে গেছে (২১৪)। ১৯৯০ সালে আজহারউদ্দিন ও মাঞ্জরেকারের ১৮৯ ছিল আগের রেকর্ড। দুয়ো মেখে মাঠে নামা ডেভিড ওয়ার্নার এরপর দুয়ো শুনেই ফিরেছেন অস্ট্রেলিয়ার শেষ রিভিউটি দৃষ্টিকটুভাবে নষ্ট করে।
নিজেকে ২০০ বঞ্চিত করে ক্লার্ক ২০০তম উইকেট উপহার দিয়েছেন ব্রডকে। ১৯৯ উইকেটে ৫৪ ওভার অপেক্ষার পর অবশেষে একটি উইকেট যত স্বস্তি দিয়েছে ব্রডকে, ইংল্যান্ড তার চেয়ে বেশি স্বস্তি পেয়েছে ক্লার্কের বিদায়ে। সিডলকে ফিরিয়ে সোয়ান পেয়েছেন ৫ উইকেট। তবে স্বস্তিটা মুছে গেছে হাডিন-স্টার্কের ব্যাটিংয়ে। বলের সঙ্গে পাল্লা দিয়ে দুজনের ৯৭ রানের জুটিতেই দ্রুত ইনিংস ঘোষণার সুযোগ পেয়েছেন ক্লার্ক। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।
ব্যাটিংয়ে নেমে দিন শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৫২। রুট ও ব্রেসনান দুজনকেই ফিরিয়েছেন সিডল।