ইংলিশদের গর্বের দেওয়াল চূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুখে কাস্টার্ড পাই কিংবা ক্রিম কেক থুবড়ে দিলে আপনার যা অবস্থা হতে পারে, ইংল্যান্ড ক্রিকেট দলের এখন সেই দশা।’ ব্রিস্টলে বাংলাদেশের কাছে পরাজয়কে ঠিক এভাবেই বর্ণনা করেছে বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য মেইল। ‘পুঁচকে’ বাংলাদেশের কাছে এই পরাজয় যে ক্রিকেটের জনকদের জাত্যাভিমানে আঘাত করেছে, ইনিয়ে-বিনিয়ে সেটাই তুলে ধরা হয়েছে আজ ব্রিটিশ পত্রিকাগুলোতে। ইংলিশ ক্রিকেট দলের সমালোচনার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের প্রশংসা করতে অবশ্য ভুলেনি পত্রিকাগুলো।গার্ডিয়ান পত্রিকায় বাংলাদেশের এই জয়কে তুলে ধরা হয়েছে ‘ঐতিহাসিক এক ঘটনা’ হিসেবে। পত্রিকাটি লিখেছে, ‘পরাজয়ের বৃত্তে বন্দী হয়ে পড়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এ এক অনন্য সাফল্য। যে ইংল্যান্ড কখনো বাংলাদেশের কাছে হারেনি, তারাই পরাজিত হলো উজ্জীবিত এক দলের কাছে। যে ব্রিস্টলের কেউ মনে করেনি, ইংল্যান্ড বাংলাদেশের কাছে হারতে পারে। তারাই সাক্ষী হলো ইংলিশ ক্রিকেট দলের এই লজ্জাজনক পরাজয়ের।’ গার্ডিয়ানে প্রকাশিত এই ম্যাচের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যোগ্যতর দল হিসেবেই বাংলাদেশ জিতেছে। তাই তারা অভিনন্দন পাওয়ারই যোগ্য।দ্য মেইলের প্রতিবেদক হতাশার সঙ্গেই বলেছেন, ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ের স্বপ্নজাল বুনতে থাকা ইংল্যান্ডের জন্য এই পরাজয় বিরাট এক ধাক্কা।দ্য মিররের শিরোনামটিই ইংলিশদের হতাশা বুঝিয়ে দিতে যথেষ্ট। তারা শিরোনাম করেছে ‘ইংল্যান্ডের গর্ব উপড়ে দিল বাংলাদেশ’। পত্রিকাটি লিখেছে, ‘এই বিজয় বাংলাদেশেরই প্রাপ্য ছিল। বাংলাদেশ তা হাতে নিয়ে দেখিয়েছে।’দ্য টেলিগ্রাফ বাংলাদেশের বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করে বলেছে, ‘বাংলাদেশ বোলিং ও ফিল্ডিং দিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে। দলটির সাফল্যের ক্ষুধার কাছে ইংল্যান্ডকে বড় অসহায় মনে হয়েছে।’দ্য সান গতকালকের ম্যাচ নিয়ে চমত্কার এক শিরোনাম ছেপেছে। শিরোনামটি ছিল ‘ক্রাশ-ব্যাং-ওয়ালিস!’—এর আভিধানিক অর্থে না গিয়ে বলা যায়, পত্রিকাটি বলতে চেয়েছে, ‘ইংলিশদের গর্বের দেওয়াল চূর্ণ।’ তাই নয় কি?