ইংলিশদের গৌরব তো বাংলাদেশেরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম দিনেই বল ঘুরবে ভেবে টস জিতে ফিল্ডিং নেওয়া’—চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জেমি সিডন্সের কথাটা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকার কথা। ‘দিন যত গড়াবে, উইকেট ততই ভালো হবে’—যথেষ্ট হাসির খোরাক জুগিয়েছিল বাংলাদেশ কোচের এই কথাটাও। পঞ্চম দিনে গিয়ে কিন্তু ওই কথাটা কাউকে হাসায়নি। না, সিডন্স-তত্ত্ব অনুযায়ী পঞ্চম দিনের উইকেট সবচেয়ে ভালো হয়ে যায়নি। পেসারদের জন্য আগে থেকে কিছু তো ছিলই না, স্পিনাররাও ন্যূনতম সাহায্য পেলেন না। উইকেট দেখে ‘শেষ’ দিন মনে হলো কোথায়! অনেকের মনেই ঘুরঘুর করা প্রশ্নটি কাল প্রকাশ্যেই তুলেছেন কেভিন পিটারসেন। এমন উইকেট যে টেস্টে ভবিষ্যতের জন্য মোটেও শুভসংকেত নয়, জানিয়ে দিয়েছেন সেটাও।চট্টগ্রামের উইকেট নিয়ে অবশ্য বাংলাদেশের কোনো অভিযোগ থাকার কথা নয়। কিন্তু বাংলাদেশ যদি উল্টো অবস্থায় থাকত! সে অভিজ্ঞতা যার হয়েছে সেই পিটারসেনের কথা, ‘আমার মনে হয় না টেস্ট ক্রিকেট এই ধরনের উইকেটে খেলা উচিত। সবাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে কত কথা বলছে, কিন্তু এমন উইকেট খেলা হলে শঙ্কিত না হয়ে উপায় নেই। একটা টেস্ট ম্যাচের পঞ্চম দিনে উইকেটে বোলারদের জন্য সামান্য কিছু হলেও থাকার কথা। কিন্তু ওই উইকেটে তো কিছুই ছিল না!’ইংল্যান্ডকে ভুগতে হয়েছে বলেই নয়, পিটারসেন দেখছেন দূরের ছবি, ‘ব্যাটসম্যান হিসেবে এমন উইকেট পেয়ে আমার খুশিই হওয়ার কথা। কিন্তু আমি ক্রিকেট খেলাটা ভালোবাসি, একজন ক্রিকেটপ্রেমী হিসেবে, বিশেষ করে টেস্ট ক্রিকেটপ্রেমী হিসেবে, এমন উইকেট আমি চাই না। জেনেশুনে এমন উইকেট কেন বানাব যেখানে ভারত এসে অনায়াসে ১ উইকেটে ৪০০ বা ৭০০ রান করে ফেলবে।’ উইকেট পিটারসেনের মন হয়তো ভরাতে পারেনি, কিন্তু জুনায়েদ-মুশফিকের লড়াইটাকে করেছে উপভোগ্য, ‘ছাড়া ছাড়াভাবে বাংলাদেশ ভালো খেলেছে, যদিও নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতেই ছিল। চতুর্থ দিনের শেষে এবং পঞ্চম দিনে তো ওরা দারুণ খেলল। সিদ্দিকি (জুনায়েদ সিদ্দিক) সোজা ব্যাটে খেলেছে, ওদের ছোট্ট উইকেটকিপারটা তো দুর্দান্ত এক ব্যাটসম্যান।’শুধু পিটারসেনের মনই ভরায়নি, ঢাকা টেস্টের জন্য সাকিবদের আত্মবিশ্বাসের জ্বালানিও দিয়েছে ওই জুটি। ঢাকা টেস্টে আরও শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, ইংলিশ শিবির এমন মানসিক প্রস্তুতি নিয়েই রাখছে। বাংলাদেশের গায়ে ভবিষ্যতের লড়াকু দলের তকমাই এঁটে দিচ্ছেন পিটারসেন, ‘বাংলাদেশে সত্যিই দারুণ কিছু ক্রিকেটার আছে—তামিম, সাকিব, মুশফিক, সিদ্দিকি। পাঁচ-ছয়জন আছে যাদের ঘিরে দলটাকে গড়ে তোলা যায়। আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো দল বাংলাদেশে এসে এখন আর হেসেখেলে জিতে যেতে পারবে না। কেউ যদি এমন ভাবে, তাদের চমকে যেতে হবে।’চট্টগ্রামে ৯৯ ও ২৪ বলে করেছেন ৩৩ রান। নিজের ব্যাটিং নিয়ে তিনি এখন অনেক স্বস্তিতে। ঢাকা টেস্ট শেষেই উড়ে যাবেন আইপিএল খেলতে, তবে তার আগে পিটারসেন জিততে চান ঢাকা টেস্ট, ‘অধিনায়ক হিসেবে শেফ (অ্যালিস্টার কুক) দারুণ করেছে, ওকে আর একটা জয় উপহার দিতে চাই। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র আমরাই বাংলাদেশের বিপক্ষে হারিনি। চাই না এই গর্ব হাতছাড়া হয়ে যাক।’দলীয় সাফল্য না এলেও প্রাপ্তিগুলো আর আগের মতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয় না। বাংলাদেশের কাছে না হেরে ইংল্যান্ড গর্ব করে, এটাও তো বলার মতো কথা।