ইংলিশদের চোখে মেসিই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষ হতে তো এখনো অনেক বাকি। নাইজেরিয়ার সঙ্গে দারুণ খেললেও গোল করতে পারেননি একটিও। এখনো তাঁর শ্রেষ্ঠত্ব নিয়েও তো কথা বলার সময় আসেনি। কিন্তু এরই মধ্যে নাকি ‘সেরা’ হয়ে গেছেন লিওনেল মেসি! না, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হননি। এই সেরা হয়েছেন ইংলিশ সমর্থকদের ভোটে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবলীয় সম্পর্কটা তিতকুটে হলেও মেসি-ম্যাজিকে মুগ্ধ ইংলিশরাও। দ্য সান-এর সাম্প্রতিক জরিপের ফল বলছে সেটাই। ৩৯ শতাংশ ভোট নিয়ে এ সময়ের সেরা ফুটবলার হয়েছেন মেসি। ইংলিশদের পছন্দের তালিকায় এর পরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা বর্ষসেরা বলুন আর বিশ্বকাপের সম্ভাব্য বর্ষসেরা; সব জায়গার মতো এই জরিপেও মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী সেই রোনালদো। কিন্তু মেসির সঙ্গে তাঁর ব্যবধানটা বিস্তর। ম্যানইউয়ের হয়ে মাঠ মাতিয়ে এখন রিয়াল মাদ্রিদে নাম লেখানো পর্তুগিজ উইঙ্গারকে পছন্দ করেন ১৫ শতাংশ ইংলিশ। কিন্তু ওয়েইন রুনি কোথায়? ১৩ শতাংশ ভোট নিয়ে নিজ দেশবাসীর কাছেই পছন্দের তালিকায় তিন নম্বরে এই স্ট্রাইকার। মাঠের ব্যবহার-ট্যবহার মিলিয়ে নিজের দেশেই কি অপছন্দের পাত্র হয়ে গেলেন রুনি? সে রুনির যাই হোক, মেসির আরও জয়জয়কার আছে জরিপে। দ্য সান-এর এই জরিপে আরও উঠে এসেছে, এবার গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিই সবার সামনে থাকছেন। ইংল্যান্ড নাকি এবার শিরোপা জিতেই ছাড়বে। কিন্তু ২৫ শতাংশের বেশি ভোট পড়েনি ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনার প্রশ্নে। সান-এর হয়ে জরিপটা চালিয়েছে ‘ইউগভ’। ওয়েবসাইট।