ইংলিশদের ধবলধোলাই নিয়ে 'চিন্তিত' ম্যাকগ্রা!

ভস্মাধার নিশ্চিত হয়েছে আজই। পার্থ টেস্টে ইংলিশদের বিপুল বিক্রমেই পর্যুদস্ত করেছে অস্ট্রেলিয়া। নিজ দেশের এই সাফল্যে উদ্বেল এখন অস্ট্রেলিয়ার সাবেকরা। অনেকের আবার সমবেদনাও আছে ইংল্যান্ডের প্রতি। এই যেমন গ্লেন ম্যাকগ্রা। অ্যাশেজে ইংল্যান্ডের এই বাজে অবস্থায় মনে মনে খুশি হলেও ইংলিশদের প্রতি সমবেদনায় দয়ার্দ্র হয়েছে তাঁর কণ্ঠ। তিনি আশঙ্কা করছেন ইংল্যান্ড এবারের অ্যাশেজে আবার ধবলধোলাই না হয় !
ইংল্যান্ডের যেন পরিণতি আরও বাজে না হয়, সেজন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর মতে, ব্যাট-বলে ইংলিশদের সমস্যা ভয়াবহ। এই অবস্থায় ঘুরে দাঁড়ানোই ইংল্যান্ডের উত্তরণের একমাত্র পথ বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার।
এবারের অ্যাশেজে ইংল্যান্ডের পারফরম্যান্সে কিছুটা অবাকই হয়েছেন ম্যাকগ্রা। তবে নিজের দেশের পারফরম্যান্স তাঁকে দিয়েছে দারুণ আনন্দ, ‘ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়ানোয় দারুণ খুশি হয়েছিলাম আমি। মন বলছিল, এবার হয়তো ৫-০ হলেও হতে পারে! এখন দেখছি অস্ট্রেলিয়া সে পথেই রয়েছে।’
গত আগস্টে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে ভালোই লড়াই করেছিল অস্ট্রেলিয়া। যদিও সিরিজের ফল দেখে সে ‘লড়াই’য়ের চিত্র খুঁজে পাওয়া মুশকিল। কেননা অস্ট্রেলিয়া অ্যাশেজ খুইয়েছিল ৩-০ ব্যবধানে! ম্যাকগ্রা অবশ্য ব্যাপারটি নিয়ে বেশ সচেতন। অস্ট্রেলিয়ার জন্য সমবেদনাও আছে তাঁর হূদয়ে, ‘ইংল্যান্ডে গত অ্যাশেজের ৩-০ ফল দেখে বোঝার উপায় নেই, সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’