ইংলিশদের প্রেরণা ভেরিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেডলি ভেরিটি
হেডলি ভেরিটি

এই দিনে এমনিতেই তাঁকে স্মরণ করা হয় প্রতিবছর। গ্রায়েম সোয়ানের সৌজন্যে এবার আলোটা একটু বেশিই পড়ল হেডলি ভেরিটির ওপর। ১৯ জুলাই, অ্যাশেজের লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিলেন সোয়ান। ৭৯ বছর পর অ্যাশেজ টেস্টে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন কোনো ইংলিশ স্পিনার। সর্বশেষ পেরেছিলেন ওই ভেরিটি, সেই ১৯৩৪ সালে। এমনিতে ভেরিটিকে স্মরণ করার উপলক্ষের অভাব নেই। তবে ১৯ জুলাই তাঁকে আলাদা করে মনে করার কারণ, ১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে গুরুতর আহত হয়েছিলেন ভেরিটি।
৫ উইকেট নেওয়ার পর সোয়ান ঠিকই মনে করেছিলেন পূর্বসূরিকে, ‘ভেরিটি আহত হওয়ার ৭০তম বার্ষিকী আজ। কত সহজেই আমরা ভুলে যাই, আমাদের জীবনটা এত সহজ হয়েছে আসলে ভেরিটির মতো নায়কদের কারণে।’ ‘যুদ্ধ’ বা ‘প্রাণপণ লড়াই’ কথাটা কত সহজেই না বলা হয় ক্রিকেটে। এই অ্যাশেজের লড়াইয়েও যেমন জুড়ে দেওয়া হচ্ছে কত বিশেষণ। ‘প্রাণপণ লড়াই’ করেছিলেন তো আসলে ভেরিটি!
ক্রিকেটের নায়ক যেমন ছিলেন, ভেরিটি তেমনি ছিলেন সমরনায়কও। ১৯৩৭ সালে, বিশ্বযুদ্ধের দামামা যখন একটু-আধটু বাজতে শুরু করেছে, তখন থেকেই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেন ভেরিটি। মিলিটারি, অস্ত্র, যুদ্ধ নিয়ে নানা বই-টই পড়ছিলেন। বিশ্বযুদ্ধের কারণে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৩৯ সালে ব্রিটিশ আর্মির পদাতিক রেজিমেন্ট ‘দ্য গ্রিন হাওয়ার্ড-’এ যোগ দেন ক্যাপ্টেন হিসেবে। চার বছর যুদ্ধ করেছেন অসম সাহসিকতায়। ১০ জুলাই ১৯৪৩, শনিবার, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক হামলার অংশ হিসেবে পা রাখেন ইতালির সিসিলিতে। ১৯ জুলাই আহত হন জার্মান অবস্থানে হামলা চালানোর সময়।
শস্যখেতের মাঝ দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন নিজের বাহিনী নিয়ে। শত্রুপক্ষের খুব কাছে যাওয়ার পর জার্মানদের গুলির ঝড়ে খানিকটা ছত্রভঙ্গ হয়ে যায় তাঁর বাহিনী। সবাইকে একত্র করে আবার ভেরিটি বলতে থাকেন ‘কিপ গোয়িং, কিপ গোয়িং’। নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছিলেন বাহিনীকে, হঠাৎ একটি শেল এসে বিঁধে বুকে। বুক থেকে যখন রক্ত ঝরছে, তিনি তখনো চেঁচিয়ে যাচ্ছেন, ‘কিপ গোয়িং’।
শেষমেশ অবশ্য পিছু হটতে বাধ্য হয় ভেরিটির বাহিনী। আর শস্যক্ষেত্রের আগুনের লেলিহান শিখার পাশে পড়ে থাকেন ভেরিটি। আহত অবস্থাতেই ধরা পড়েন জার্মান বাহিনীর হাতে। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ইতালির কাসের্তার একটি হাসপাতালে মারা যান ৩১ জুলাই, বয়স তখন মাত্র ৩৮। আজ ভেরিটির ৭০তম মৃত্যুবার্ষিকী। ভেরিটির আহত হওয়ার ৭০তম বার্ষিকীতে উদ্বুদ্ধ সোয়ানরা জয় করেছিল লর্ডস। এবার ৭০তম মৃত্যুবার্ষিকীতে কাল ওল্ড ট্রাফোর্ডে নামছে অ্যাশেজ জয়ের লক্ষ্য নিয়ে।
প্রেরণার উৎস হিসেবে এমনিতে ভেরিটির ক্যারিয়ারও কম কিছু নয়। ইয়র্কশায়ারে উইফ্রেড রোডস নামের এক গ্রেট থাকায় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হতেই ভেরিটির বয়স পেরিয়ে যায় ২৫। যুদ্ধের আগে মাত্র বছর দশেক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পেরেছেন। বাঁহাতি স্পিনে ৩৭৮ ম্যাচে ১৯৫৬ উইকেট ১৪.৯০ গড়ে। ক্রিকেটে ‘পারফেক্ট টেন’-এর উদাহরণ মানা হয় তাঁকে, ১৯৩২ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে তাঁর ১০ রানে ১০ উইকেট এখনো প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড।
১০ উইকেট পেয়েছেন আরও একবার। ইংলিশ কাউন্টিতে ভেরিটির মৌসুমপ্রতি গড় উইকেট ১৮৫, টানা তিন মৌসুম নিয়েছেন দুই শর বেশি উইকেট। টেস্ট ক্রিকেট অবশ্য ভেরিটির সেরাটা পায়নি, ৪৪ টেস্টে নিয়েছেন ১৪৪ উইকেট। তবে টেস্ট ইতিহাসে তাঁর মূল পরিচয় ‘ব্র্যাডম্যান ঘাতক’। সর্বকালের সেরা ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি আটবার আউট করেছেন এই ভেরিটিই। বডিলাইন সিরিজে এক দিনেই ব্র্যাডম্যানকে আউট করেছিলেন দুবার! মাঠের ভেতরে-বাইরে পরিচিত ছিলেন আপাদমস্তক ভদ্রলোক হিসেবে। ভেরিটির জীবন নিয়ে লেখা দুটি বইয়ের মুখবন্ধ লিখেছিলেন ব্র্যাডম্যান। সেখানে লিখেছিলেন, ‘ক্রিকেটার ভেরিটির চেয়ে অনেক বড় মানুষ ভেরিটি।’
তবে সব ছাপিয়ে যেন যোদ্ধা ভেরিটিই বড় হয়ে ওঠেন। ২-০-তে এগিয়ে থেকে কাল যখন মাঠে নামবে ইংল্যান্ড, অ্যালিস্টার কুক সতীর্থদের বলবেন হয়তো ভেরিটির শেষ কথাটিই, ‘কিপ গোয়িং’!: