চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর হচ্ছে এবং সেটা হচ্ছে জুলাইতেই। জুনে জিম্বাবুয়ে ও আগস্টে ত্রিনিদাদ সফর বোর্ড সভাপতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। কিন্তু কৌশলগত কারণে স্থগিত রাখা হয়েছে আয়ারল্যান্ড সফরের অনুমোদন। এই কৌশলের কারণ, বাংলাদেশ দলের সামনে আছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরের হাতছানিও।আয়ারল্যান্ড সফর অনুমোদন না করার ব্যাপারে এর আগে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কাল তিনি বলেছেন, ‘আমি আয়ারল্যান্ড সফরের বিপক্ষে নই। একবারও বলিনি, আমরা আয়ারল্যান্ড যাব না। তবে যেহেতু আয়ারল্যান্ড আইসিসির সহযোগী দেশ, সেখানে সিরিজ খেলতে যাওয়ার সিদ্ধান্ত বোর্ডে অনুমোদন হওয়া দরকার। খুব তাড়াতাড়িই বোর্ড সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’বোর্ড সূত্র জানিয়েছে, আয়ারল্যান্ড সফরের সিদ্ধান্তটিকে বোর্ড সভা পর্যন্ত অপেক্ষায় রাখা একটা কৌশলের অংশ। বিসিবি সভাপতি নাকি ব্যক্তিগতভাবে বাংলাদেশ দলের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সফরের চেষ্টা চালাচ্ছেন। আগামী মাসে আইসিসির সভায় এ সংক্রান্ত আলোচনা আরও ইতিবাচক রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তার আগে বিসিবি আয়ারল্যান্ড সফরের ঘোষণা দিয়ে দিলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সেটা ভালোভাবে নেবে না, এমন আশঙ্কা মুস্তফা কামালের।ক্রিকেট-উন্নত দেশগুলো এমনিতেই এফটিপির বাইরে বাংলাদেশ দলকে আতিথেয়তা দিতে চায় না। এফটিপিতেও ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর নেই। অস্ট্রেলিয়া সফর আছে ২০১৮ সালের জুলাইয়ে। বোর্ড সভাপতি মনে করেন, এ অবস্থায় আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের মতো সহযোগী দেশে সফর করলে বাংলাদেশের প্রতি বড় দলগুলোর আগ্রহ আরও কমে যেতে পারে। এসব সফরে ফলাফল খারাপ হলে তো কথাই নেই। মুস্তফা কামাল এ কারণেই চাইছেন আয়ারল্যান্ড সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের আলোচনা আরও এগিয়ে নিতে। এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও বিসিবি সভাপতি কাল টেলিফোনে বলেছেন, ‘আমাদের সামনে বড় সুযোগ আছে। কাজেই আমরা যা-ই করি, চিন্তাভাবনা করে করতে হবে।’ওদিকে বাংলাদেশে ঘুরে যাওয়া কোচ রিচার্ড পাইবাস এখনো কোনো সিদ্ধান্ত জানাননি বলে জানিয়েছেন সভাপতি। সঙ্গে বলেছেন, ‘রিচার্ড পাইবাসের মতামত জানার জন্য আমরা আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে তিনি ইতিবাচক কিছু না জানালে আমরা অন্যদের সঙ্গে যোগাযোগ করব।’