টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালটি আজ? আকর্ষণীয় না হোক, কৌতূহলোদ্দীপক তো অবশ্যই। না, ইংল্যান্ড, ইতালির কোনো দলেরই গ্রুপ পর্বে মনে দাগ কাটা পারফরম্যান্স ছিল না। গড়পড়তা পারফরম্যান্স দিয়েই শেষ আটে দল দুটি। আজও যে নিজেদের দর্শন বদলে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসবে, সেই আশাও কম। তার পরও আজ কিয়েভের কোয়ার্টার ফাইনালটি নিয়ে ফুটবলপ্রেমীরা কৌতূহলী, কারণ দুই দলের খেলার দর্শনই এক রকম। দুই দলেরই দর্শন রক্ষণ অটুট রেখে প্রতি-আক্রমণে যাওয়া। দুটি দলেই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। শুধু কি তাই? রয় হজসন ও সিজারে প্রানদেল্লি চিন্তা-চেতনায় দুই কোচই ফলকেন্দ্রিক। যেভাবে পারো ম্যাচ জিতে নাও। ফরমেশনও একই, ৪-৪-২। সব মিলিয়ে সমানে সমান লড়াইয়েরই আভাস। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন তো বলেই দিয়েছেন, সম্ভাবনা ৫০-৫০, ‘এটা হবে এমন এক ম্যাচ যেখানে ছোট কোনো ঘটনা (ভুল) পার্থক্য গড়ে দেবে। আমার মনে হয়, এটা হবে খুবই ভারসাম্যপূর্ণ এক ম্যাচ, একেবারেই সমানে সমান। আমি কাউকেই ফেবারিট দেখছি না।’ বুফন বলছেন বলেই নয়, দুই দলের খেলার স্টাইল এবং কোচদের দর্শন দেখেই বোদ্ধাদের ধারণা, ম্যাচটি গড়াতে পারে টাইব্রেকারে। সেটাই যদি হয়, ইংলিশদের উদ্বেগ একটু বেশিই।গত ২২ বছরে বিশ্বকাপ-ইউরো মিলিয়ে পাঁচবার ইংলিশদের কপাল পুড়েছে টাইব্রেকারে। ১৯৯০ বিশ্বকাপ ও ১৯৯৬ ইউরোতে জার্মানির কাছে হার, ১৯৯৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে এবং ২০০৪ ইউরো ও ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের কাছে টাইব্রেকার-স্বপ্ন ভেঙে দিয়েছে ইংলিশদের। টাইব্রেকার-পরীক্ষা ইতালিয়ানদের জন্যও খুব সুখের নয়। তবে পূর্বাভিজ্ঞতা বুফনকে এগিয়ে রাখবে। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি। ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার-পরীক্ষায় বুফনের দলই হেরে যায় স্পেনের কাছে। অন্যদিকে বড় কোনো টুর্নামেন্ট টাইব্রেকার উত্তেজনা কী, জো হার্টের সেটা অজানা। যদিও ইংল্যান্ডের তরুণ গোলরক্ষক প্রস্তুত হয়ে মাঠে নামছেন।মুখোমুখি পরিসংখ্যানও বলে, ইংলিশদের ভয়টা অমূলক নয়। বড় কোনো টুর্নামেন্টে বিদেশের মাটিতে ইতালিকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড। এক দশক আগে সর্বশেষ সাক্ষাতেও জয়ী ইতালি। ১৯৭৭ সালের পর নয়বারের সাক্ষাতে ইংলিশরা জিতেছে মাত্র একবার।ইংলিশদের জন্য আত্মবিশ্বাস চাঙা করা তথ্যও আছে। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে গত ১১ ম্যাচ হারেনি ইংল্যান্ড। হজসন দায়িত্ব নেওয়ার পর জিতেছে পাঁচ ম্যাচের চারটিতেই। প্রতিযোগিতামূলকম্যাচে ইতালি আবার অপরাজিত ১৩ ম্যাচে। এই ১৩ ম্যাচে তারা গোল খেয়েছে মাত্র ৪টি। এই তথ্যই বলে দেয় দুই দলের রক্ষণভাগ কতটা মজবুত।তবে রক্ষণই মূল ভরসার জায়গা হলেও দুই দলের আক্রমণভাগও দারুণ। ইংল্যান্ড শিবিরে প্রত্যাশার মূল আলোটা রুনিকে ঘিরে, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে যিনি আগের ম্যাচেই গোল করেছেন। ইতালির আছে কাসানো-বালোতেল্লি জুটি।মারিও বালোতেল্লির আবার একটা ব্যক্তিগত দ্বৈরথ আছে এই ম্যাচে। ম্যানচেস্টার সিটির সতীর্থ জোলেয়ন লেসকট ও জো হার্ট আজ হয়ে উঠবেন তাঁর মূল বাধা। রক্ষণে প্রথম বাধা হবেন লেসকট, গোলপোস্টে হার্ট। লেসকট প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাব-সতীর্থকে রুখে দেবেন। রয়টার্স, এএফপি।