ইংল্যান্ড, ইতালির হোঁচট

কারও দুশ্চিন্তা রক্ষণ। কারও আক্রমণ। তবে সবারই উদ্বেগ মিলে গেছে একটা বিন্দুতে। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচও চোট-জুজু উপস্থিত ! পরশু যেমন রবিন ফন পার্সির চোট নতুন করে ধাক্কা দিয়েছে ডাচ শিবিরকে ।
এমনিতে প্রীতি ম্যাচে ফল-টল মুখ্য নয়। সেটি মেনেও ইকুয়েডরের সঙ্গে ইংল্যান্ডের বা ইতালির সঙ্গে লুক্সেমবার্গের ফলকে অপ্রত্যাশিতই বলতে হবে। ইকুয়েডরের সঙ্গে ইংল্যান্ডের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটা অবশ্য ঘটনাবহুলই ছিল। হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের রাহিম স্টার্লিং ও ইকুয়েডরের আন্তোনিও ভ্যালেন্সিয়া। তবে লুক্সেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতালি শুধু নিজেদেরই দুষতে পারে। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বালোতেল্লিরা। তবে জয় পেয়েছে হল্যান্ড ও উরুগুয়ে। ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা, েস্লাভেনিয়ার সঙ্গে উরুগুয়ের জয়টাও একই ব্যবধানের।
ফিফা র্যাঙ্কিংয়ের ১২০তম দল লুক্সেমবার্গের সঙ্গে ড্রতে সিঁদুরে মেঘ দেখতে পারেন সিজারে প্রানদেল্লি। ইতালি কোচ এদিন নতুন ৪-১-৪-১ ফর্মেশনে খেলিয়ে সাফল্য পাননি, ব্যাপারটাকে দেখছেন অন্যভাবে, ‘আমাদের এখনো বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে আমাদের খাটতে হবে, আমরা জানি ভালো একটা বিশ্বকাপ কাটাতে পারব।’ ক্লদিও মার্কিসিওর ৯ মিনিটে গোলে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে গোল খেয়ে বসে ইতালি।
আরিয়েন রোবেন ও জার্মেইন লেন্সের কল্যাণে হল্যান্ড পেয়েছে অনায়াস জয় । তবে লুইস ফন গালকে দুশ্চিন্তা উপহার দিয়েছেন রবিন ফন পার্সি। বিরতির সময় কুঁচকির চোটে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকারকে। পরে জানা গেছে চোট গুরুতর নয়। ফন গালের উদ্বেগটা তবু গোপন থাকল না, ‘এটাকে সামান্যই মনে হচ্ছে, তবে আপনি কোনো ঝুঁকি নিতে পারেন না। আশা করছি, স্পেনের সঙ্গে ম্যাচের আগেই সে ফিট হয়ে উঠবে।’ এএফপি৷
চোট হানা দিয়েছে ইংল্যান্ড দলেও। লিগামেন্টের চোটে বিশ্বকাপ অনিশ্চিত অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের। পরশু মায়ামিতে এনার ভ্যালেন্সিয়ার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। পরে ওয়েইন রুনি ও রিকি ল্যাম্বার্টের গোলে জয় দেখছিল ইংল্যান্ড। কিন্তু মাইকেল আরোয়োর ৭০ মিনিটের গোলে সমতা ফেরায় ইকুয়েডর।
ইংলিশ কোচ রয় হজসন অবশ্য তরুণ অনেককেই বাজিয়ে দেখেছেন। সে কারণেই ড্রয়েও অসন্তুষ্ট নন, ‘আমাদের দলটা ছিল খুবই তরুণ। আমার মনে হয় আমরা দারুণভাবে মানিয়ে নিতে পেরেছি। মাঝেমধ্যে ভালো ফুটবলও খেলেছি।’