বিশ্বকাপের সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আজ ইংল্যান্ড ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে টিকে থাকতে আজ জয় দরকার। আগের ম্যাচে ৫৮ রানে অলআউট হওয়াটা যে ছিল নিছকই দুর্ঘটনা—এটি প্রমাণেরও একটি দায় আছে।ওয়ানডেতে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ৫৮-এর নিচে অলআউট হয়েছে। এই দলগুলো পরে দারুণভাবে ফিরে এসে প্রমাণ করেছে ওটা দুর্ঘটনা ছিল। আমাদেরও আজ ও রকম একটা বার্তা দেওয়ার দিন।ইংল্যান্ডকে হারানোর রেসিপি কী হওয়া উচিত? প্রথম কথা, মাথা ঠান্ডা রাখা চাই। দ্বিতীয় কথা, আগে ব্যাট করলে অবশ্যই যেন ব্যাটিং ভালো হয়। আগে বোলিং করলেও একই কথা প্রযোজ্য। কেন জানি ইংল্যান্ডকে এবার নড়বড়ে লাগছে। ওরা ভারতের সঙ্গে জেতা ম্যাচ টাই করল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারা ম্যাচ জিতল। আয়ারল্যান্ডের কাছে তো হেরেই গেল। হল্যান্ডের সঙ্গে জিতল ঘাম ঝরিয়ে। তার ওপর আজ পিটারসেন-ব্রড নেই। এই ইংল্যান্ডকে ঝাঁকুনি দিতে পারলে ভূপতিত করা কঠিন নয়।শর্ত আছে অনেক—সব বিভাগেই ভালো করতে হবে। বোলিং তো আছেই, ব্যাটিংয়েও খুব ভালো করা চাই। যদিও আমি খুব বেশি ব্যাটসম্যান নেওয়ার পক্ষপাতী নই। প্রথম ৫ ব্যাটসম্যানকেই আসলে যা করার করতে হয়। বেশি ব্যাটসম্যান থাকলে এটা মনে হতে পারে, আমার পরে তো অমুক আছে। এটা ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে।এ কারণেই এই ম্যাচে আমি হলে মাহমুদউল্লাহকে নিতাম। আশরাফুলকে দলে রাখলে তাকে চারেই রাখা হোক। সাত নম্বরে খেলুক মাহমুদউল্লাহ। তামিম-ইমরুলই থাকুক ওপেনিংয়ে। শাহরিয়ার নাফীসকে দেখা হয়নি এখনো। অনেকে হয়তো ওকে তিনে চাইতে পারেন। তবে তিনে জুনায়েদকে আরেকটা সুযোগ দেব আমি। সাকিব আসুক পাঁচে। মুশফিকুর চারে সুবিধা করতে না পারায় ছয়ে ফিরিয়ে নেওয়া হোক ওকে। এই জায়গায় ও আগে ভালো করেছে। এরপর নাঈম, রাজ্জাক, শফিউল ও রুবেল।এক পেসারের কথা শোনা যাচ্ছে। আমি বরাবরই দুই পেসারের পক্ষে এই কলামে বলে এসেছি। আজও সেটিই বলব। এক পেসার হলে বিকল্প থাকে না। তা ছাড়া পেসারদের ওপর আস্থা রাখা এবং তাদের মনোবল না ভাঙা দলের সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ।চট্টগ্রামের উইকেট কেমন হবে জানি না। চাইব ব্যাটিং-বান্ধব উইকেট। স্লো এবং টার্নিং উইকেটে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে আমাদের। স্লো উইকেটের সুবিধা তো সেভাবে নিতে পারলাম না আমরা।সোয়ানের ওভারগুলোতে রান কম নিয়ে হলেও ওকে উইকেট দেওয়া যাবে না। স্ট্রাউস স্কয়ার অব দ্য উইকেটে খুব ভালো। এটা লক্ষ রেখে ওকে আটকাতে হবে। দক্ষিণ আফ্রিকাকে দেখেছি, ওরা ইংল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার দিয়ে শুরু করেছিল। আমরাও যেতে পারি সেই পথে। রাজ্জাকই প্রথম পছন্দ। তবে রাজ্জাককে দেখছি জোরে বল করছে। লাইন-লেংথ পাচ্ছে না অনেক সময়ই। তার চেয়ে ভালো, ও ফ্লাইটের প্রতি বেশি নজর দিক। সুলিমান বেন, রবিন পিটারসনরা ফ্লাইট দিচ্ছে এবং ফলও পাচ্ছে।শেষ কথা হলো, ৫৮ রানের দুঃস্বপ্ন এবং এরপর ঘটে যাওয়া ঘটনাবলি ভুলে আর দশটা ম্যাচের মতোই খেলতে হবে বাংলাদেশ দলকে। এই ম্যাচ হারলেই সব শেষ—এমন চাপ নিলে হিতে বিপরীত হতে পারে। সাকিবদের সেরা ক্রিকেটটাই আশা করছি।