স্পেনের পর জার্মানি—দুই ফেভারিট এরই মধ্যে হারের তোতো স্বাদ পেয়ে গেছে। প্রথম দুই ম্যাচই ড্র করায় স্বস্তিতে নেই ইংল্যান্ডও। স্পেন-জার্মানি ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। কিন্তু ইংল্যান্ড বরাবরের মতোই কাগুজে বাঘ।জার্মানি দ্বিতীয় ম্যাচে হেরে গেল পোডলস্কির ব্যর্থতায়। ক্লোসা লাল কার্ড পাওয়ার পরও ১০ জনের জার্মানি জিততে পারত। পোডলস্কির গোল করতে না পারা অমার্জনীয়। এমন নয় যে সে দূর থেকে এলেমেলা শট নিয়েছে। খুব ভালো জায়গা থেকে বেশ কয়েকবার সুযোগ পেয়েও বাইরে মেরেছে। অনায়াসে ওর হ্যাটট্রিক হয়ে যায়। জার্মানির এই পরাজয়ের জন্য অনেকটা দায় পোডলস্কিরই।তার পরও কথা থেকে যায়। অস্ট্রেলিয়াকে ৪ গোলে উড়িয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করা জার্মানির হঠাৎ কী হলো? আকাশ থেকে কেন ওরা মাটিতে! আসলে অস্ট্রেলিয়া আর সার্বিয়া ভিন্ন প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া টেকনিক্যালি উঁচু মানের নয়। তাই এই দলের সঙ্গে যতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছে জার্মানি, সার্বিয়া সেভাবে খেলতে দেয়নি। অভিনন্দন সার্বিয়া—দুর্দান্ত খেলেছ!জার্মানির রক্ষণভাগে দুর্বলতা ছিল এদিন। যে ক্রস থেকে গোল এল, সেটি সার্বিয়ান ফরোয়ার্ড হেড করে নামিয়ে দেওয়ার আগেই ক্লিয়ার করা উচিত ছিল। সে যাই হোক, ভুল তো কিছু হবেই। ভুল না হলে গোল তো কখনোই হবে না। এর মধ্যেই আপনাকে গোলের সুযোগগুলোও কাজে লাগাতে হবে। প্রথম ম্যাচের তুলনায় জার্মানির বল দেওয়া-নেওয়াটা তেমন যুতসই হয়নি। প্রান্ত বদল করা, বৈচিত্র্য আনা—এগুলোও ভালো হয়নি। গোলমুখের সামনের পাসগুলো তেমন দ্রুত আর নিখুঁত ছিল না। তবে ১০ জনের দল নিয়েও জার্মানি আন্তরিকভাবে চেষ্টা করে গেছে। প্রশংসা তাদের প্রাপ্য। এমন পরিস্থিতিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা জার্মানির চেয়ে আর কম দলেরই আছে। জার্মান রক্ত বলে কথা! আমি নিশ্চিত ওরা ফিরে আসবে ভালোভাবে। ইংল্যান্ড ফিরে আসবে, এই বিশ্বাস আমার নেই। আমি সব সময়ই বলেছি, ওরা কাগজে-কলমে বাহাদুর, কিন্তু কাজের সময় কিছুই করতে পারে না। বিশ্বকাপ শুরুর আগেই ইংলিশ মিডিয়া তাদের দলকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে উপস্থাপন করে, যেন বিশ্ব জয় সময়ের ব্যাপার! কিন্তু মাঠে দুটি ম্যাচে কী দেখলাম?তিনটা পাস সঠিক খেলতে পারেনি। আত্মবিশ্বাসহীন এক দল, যাদের নামের ভার থাকলেও বিন্দুমাত্র ধার নেই। ইংল্যান্ডের খেলায় উন্নতি দূরে থাক, অবনতি হচ্ছে। আলজেরিয়ার সঙ্গেই তারা বল দখলের লড়াইয়ে জিততে পারেনি।ইংল্যান্ডের মহাতারকা রুনির অবস্থা দেখুন, চার-পাঁচটা দৃষ্টিকটু মিস পাস করেছে। একসময় ভেতরে ঢুকতে না পেরে দূর থেকে এলোমেলো শট নেওয়া শুরু করল। গোটা ইংল্যান্ডের অবস্থাও তাই।