ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন বোপারা
দেরিতে হলেও ‘ত্যাগের’ পুরস্কার পেলেন রবি বোপারা। টেস্ট দলে ফেরার আশায় গত বছর উপেক্ষা করেছিলেন আইপিএল খেলার হাতছানি। কিন্তু ভাগ্যে শিকে ছেঁড়েনি সেবার। পরে আরও দুবার ডাক পাওয়ার কাছাকাছি গিয়েও ফিরতে পারেননি চোটের কারণে। অবশেষে টেস্ট দলে ফিরতে পারলেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে। ১৯ জুলাই ওভালে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের এক নম্বরের লড়াই। পল কলিংউড অবসর নেওয়ার পর ফাঁকা জায়গাটা দিকে দৃষ্টি ছিল বোপারার। নির্বাচকদের মন জয়ের চেষ্টায় আইপিএল না খেলে খেলেছিলেন কাউন্টি ক্রিকেটে। কিন্তু নির্বাচকেরা সেবার বেছে নিয়েছিলেন এউইন মরগানকে। মরগানের টানা ব্যর্থতাতেই গত শ্রীলঙ্কা সফরে দলে ফেরার খুব কাছে গিয়েছিলেন। কিন্তু ছিটকে গেলেন চোট পেয়ে। আরেক দফা চোটে বাইরে থাকলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজও, সুযোগ পেলেন জনি বেয়ারস্টো। বেয়ারস্টোর ব্যর্থতাই (৩ টেস্টে ৩৮ রান) অবশেষে দুয়ার খুলে দিল বোপারার জন্য। বড় ভূমিকা আছে ওয়ানডেতে তাঁর সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সেরও। ১২ টেস্টের সর্বশেষটি বোপারা খেলেছিলেন গত বছর ওভালেই। বোপারার সঙ্গে দলে ফিরেছেন পেসার গ্রাহাম অনিয়নসও। তবে অনিয়নসকে থাকতে হবে বাইরেই। তৃতীয় পেসারের জায়গা নিয়ে জোর লড়াই হবে বরং টিম ব্রেসনান ও স্টিভেন ফিনের। ওয়েবসাইট।ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, রবি বোপারা, ম্যাট প্রায়র, টিম ব্রেসনান, গ্রায়েম সোয়ান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, গ্রাহাম অনিয়নস, স্টিভেন ফিন।