ইংল্যান্ড দলে নতুন মুখ কেরিগান
মাঠে যতই আধিপত্য থাক, চোটাঘাত পুরো অ্যাশেজই ইংলিশ নির্বাচকদের কাছে অস্বস্তির কারণ। চোটের জন্য প্রতিটি টেস্টের দলেই পরিবর্তন আনতে হয়েছে জিওফ মিলারের কমিটিকে। ওভালের শেষ টেস্টের আগেও ব্যতিক্রম হলো না। চোটের কারণে চতুর্থ টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন টিম ব্রেসনান ও গ্রাহাম অনিয়নস। অনিয়নসের জায়গায় ডাক পেয়েছেন নতুন মুখ সাইমন কেরিগান, ব্রেসনানের চোট আরও একবার ক্রিস ওকসকে দেখাচ্ছে টেস্ট অভিষেকের স্বপ্ন।নৈশক্লাব-কাণ্ডের জের ধরে মন্টি পানেসার দল থেকে ছিটকে পড়েছেন, তাঁর ভবিষ্যৎই পড়ে গেছে সংশয়ের মধ্যে। এ অবস্থায় ইংল্যান্ডের দ্বিতীয় স্পিন ভরসা হিসেবে দেখা হচ্ছে কেরিগানকে। ল্যাঙ্কাশায়ারের এই বাঁহাতি স্পিনার ইংল্যান্ড দলে ডাক পেলেন প্রথম। ইংল্যান্ড লায়ন্সে নিয়মিত কেরিগান এই মৌসুমের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় বিভাগ) ২০.২৩ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। যদিও ওভালে সোয়ানের সঙ্গে ইংল্যান্ড দ্বিতীয় স্পিনার খেলাবে কি না নিশ্চিত নয়। তবে ২৪ বছর বয়সী স্পিনার স্বপ্ন দেখছেন এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার।অলরাউন্ডার ব্রেসনানের শূন্যস্থান পূরণ করতেই ওকসকে ডাকা হয়েছে। ওয়ারউইকশায়ার অলরাউন্ডার এবার ২১.৫০ গড়ে নিয়েছেন ২৬ উইকেট ও ৪২.৭৭ গড়ে করেছেন ৩৮৫ রান। এই দুজন ছাড়াও ওভাল টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে ফিরেছেন প্রথম টেস্টে খেলা স্টিভেন ফিন। ধারণা করা হচ্ছে, শেষ টেস্টে বিশ্রাম পেতে পারেন জেমস অ্যান্ডারসন। যদিও অ্যান্ডারসন ১৪ সদস্যের দলে ঠিকই আছেন। আগামী পরশু শুরু হচ্ছে ওভাল টেস্ট। ওয়েবসাইট।