ইংল্যান্ড দলে নেই ওয়ালকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে তিনি ছিলেন কোচ সভেন গোরান এরিকসনের উপহার দেওয়া বিস্ময় হয়ে। তবে একটিও ম্যাচ খেলা হয়নি থিও ওয়ালকটের। এবার আশা করেছিলেন, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকবেন এবং ম্যাচও খেলবেন। ওয়ালকটের সেই আশাও পূরণ হচ্ছে না। ফ্যাবিও ক্যাপেলো তাঁকে বিশ্বকাপের ২৩ জনের দলে রাখেননি।ভালো ফর্মে থেকেও দলে নেই। গত বিশ্বকাপে যেমন দলে থেকে বিস্ময় উপহার দিয়েছিলেন, তেমনি এবার ওয়ালকটের দলে না থাকাও অনেকের কাছেই বিস্ময়। ক্যাপেলোর দলে অবশ্য ঠাঁই হয়েছে শন রাইট-ফিলিপ ও অ্যারন লেননের। কথা হচ্ছিল জো কোলের থাকা না-থাকা নিয়েও। জন টেরির সঙ্গে আলোচনা করে জো কোলকে দলে রেখেছেন ক্যাপেলো। এ ছাড়া যাঁদের দলে থাকার কথা ছিল, তাঁরা সবাই-ই আছেন ইংল্যান্ড দলে।ওয়ালকটের একটা বিশ্বকাপ খেলার আশা এবারও পূর্ণতা পেল না। ওদিকে তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হতে চলেছে নাইজেরিয়ার নওয়ানকো কানু আর মেক্সিকোর ব্লাঙ্কোর। দুজনই আছেন তাঁদের বিশ্বকাপের ২৩ সদস্যের দলে।জার্মানির ২৭ জনের প্রাথমিক দল থেকে চোটের কারণে আগেই বাদ পড়াদের তালিকায় নাম লিখে ফেলেছিলেন মাইকেল বালাক। বালাকের মতোই দর্শক হয়ে গেলেন আন্দ্রেস বেক, হেইকো ওয়েস্টারমান আর ক্রিস্টিয়ান ট্রেসেক। ওদিকে চূড়ান্ত দল ঘোষণার জন্য নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করেননি মার্সেলো লিপ্পি। কাল অনুশীলনে মাউরো কামোরানেসি চোট পাওয়ার কারণেই ইতালি কোচ সংবাদ সম্মেলন পিছিয়ে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছিল। হাঁটুতে চোট পাওয়া এই মিডফিল্ডার শেষ পর্যন্ত ২৩ জনের দলে থাকেন কি না, এ নিয়ে একটা সংশয়ও দেখা দিয়েছিল। যদিও নাম ঘোষণার আগে লিপ্পি জানিয়েছেন, কামোরানেসির চোট গুরুতর নয়। এএফপি।