ইংল্যান্ড দলে ব্রাত্য পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন পিটারসেনের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নটা সত্যি হবে না, এমনটা প্রায় অনুমিতই ছিল। সেটাই অবশেষে সত্যি হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তো নেই-ই, পিটারসেনের জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও।সাম্প্রতিক বিতর্কের জের ধরে গত সপ্তাহে এই হার্ডহিটিং ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন। এবার ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ। এর মধ্য দিয়ে ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের ইংল্যান্ডের ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল কি না, সেই প্রশ্নই উঠে গেছে।নিজের ক্যারিয়ারকে অন্ধকারে ঠেলে দেওয়ার দায় পিটারসেনের নিজেরই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে মনোমালিন্য তাঁর দীর্ঘদিনের। মাঝে তা মিটিয়েও ফেলেছিলেন। কিন্তু গত মে মাসে ব্যস্ত সূচির অজুহাতে আচমকাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন পিটারসেন। তবে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটটাও চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ইসিবির নীতি হলো, ওয়ানডে না খেললে টি-টোয়েন্টি খেলা যাবে না। তাই টি-টোয়েন্টি থেকেও নিতে হয় বাধ্যতামূলক অবসর। পরে অবশ্য সীমিত ওভারে ক্রিকেটে ফেরার ইচ্ছাটা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক বিতর্কে সেই সম্ভাবনার দরজা বন্ধ হয়ে গেল। পিটারসেনের বিষয়টা ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের দৃষ্টিতে ‘বাজে পরিস্থিতি’। আর ইংল্যান্ড দলে পিটারসেনের অনুপস্থিতি অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্নের চোখে ‘ট্র্যাজিক’।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার স্টুয়ার্ট ব্রডকেও। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এটা করা হয়েছে বলে জানিয়েছেন ইসিবির নির্বাচক জিওফ মিলার। ওয়েবসাইট।