ইংল্যান্ড দলে রুনিকে চান জেরার্ড
মন্টেনেগ্রোর মিডফিল্ডারকে লাথি মারার দায়ে ইংল্যান্ডের পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ওয়াইন রুনি। ফলে ইউরো ২০১২-এর গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচেই ইংল্যান্ডকে খেলতে হবে তাদের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে ছাড়াই। এখন রুনিকে ছাড়াই ইংল্যান্ডের ইউরো দল ঘোষণা করা হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। তবে এমন ভাবনার সঙ্গে একমত হতে পারছেন না স্টিভেন জেরার্ড। রুনির অপরিহার্যতা স্বীকার করে তাঁকে দলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেরার্ড বলেছেন, ‘আমার মনে হয় রুনিকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করা উচিত। সে খুবই মেধাবী ফুটবলার। প্রথম তিনটি ম্যাচে তাকে না পাওয়াটা খুবই হতাশাজনক। তার পরও রুনির সক্ষমতা মাথায় রেখে কিছুটা ঝুঁকি নিয়েই তাকে দলে জায়গা দেওয়া উচিত। যদি আমরা ফাইনাল পর্যন্ত যেতে চাই তাহলে গ্রুপ পর্বের বাধা পেরোনোর পর আমাদের অবশ্যই দলের সেরা খেলোয়াড়দের প্রয়োজন পড়বে।’আগামী মাসে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলায় রুনিকে ছাড়াই মাঠে নামার বিকল্প রণকৌশল খোঁজার চেষ্টা করবেন বলে এর আগে জানিয়েছিলেন ফ্যাবিও ক্যাপেলো। যদি সে রকম কিছু সত্যিই পেয়ে যান, তাহলে হয়তো এবারের ইউরোপ সেরার লড়াইটা রুনিকে দর্শক হয়েই দেখতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ড কোচ। শেষ পর্যন্ত কী হবে, তা এখনো নিশ্চিত করে বলা না গেলেও রুনিকে যে নিজের হঠকারী মেজাজটা নিয়ন্ত্রণে আনতে হবে, তা নিশ্চয়ই তিনি ভালোমতোই বুঝতে পারছেন। ওয়েবসাইট।