ইংল্যান্ড দলেও গৃহদাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা ইংলিশ সংবাদমাধ্যমের অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতি বিশ্বকাপের আগে দলকে ‘সোনালি প্রজন্ম’ বলে ঘোষণা দিয়ে স্রেফ ট্রফিটার জন্য অপেক্ষা করতে থাকে তারা। আর বিশ্বকাপ অভিযান শেষ হতেই শুরু হয় দলের এবং কোচের মুণ্ডুপাত। এবার অবশ্য ইংলিশ সংবাদমাধ্যমের আশাবাদটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি, জার্মেইন ডিফো, অ্যাশলি কোল এবং সর্বোপরি ওয়েন রুনির উপস্থিতি এবার ইংল্যান্ডকে সত্যিই ফেবারিট করে তুলেছিল। এএফপি, রয়টার্স।কিসের কী! প্রথম দুই ম্যাচেই ড্র করে সেই ইংল্যান্ডের এখন মান বাঁচানোর লড়াই লড়তে হবে। আগামীকাল স্লোভেনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে না পারলে প্রথম পর্ব থেকেই ছিটকে পড়তে পারে জেরার্ডের দল।সমস্যা শুধু এখানেই না। সংবাদমাধ্যমের প্রচারণা, ইংল্যান্ড দলে জোর দলীয় কোন্দল চলছে! প্রচারণাটা এতই তীব্র যে খেলোয়াড়দের জনে জনে সাংবাদিকদের কাছে এসে বলতে হচ্ছে—আমাদের ভেতরে কোনো গোলমাল নেই।‘গোলমাল’ আছে কি না, সেটা পরে জানা যাবে। তবে খানিকটা অসন্তোষ যে আছে, সে ইঙ্গিত মিলেছিল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়ানো ডেভিড জেমসের কথায়। শেষ মুহূর্তে একাদশ ঘোষণার যে নীতি কোচ ফ্যাবিও ক্যাপেলো অনুসরণ করছেন, সেটিতে অখুশি বলে মনে হচ্ছিল জেমসের কথায়। জেমসই অবশ্য গতকাল দাবি করলেন দলে কোনো সমস্যা নেই। তাহলে ক্যাপেলোর সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের বিশেষ বৈঠকটা কী নিয়ে হলো? ‘এটা আগে থেকেই ঠিক করা ছিল। সিনিয়র খেলোয়াড়দের কোচকে কিছু বলার থাকলে বলার জন্য ডাকা হয়েছিল’—জেমস সরল করে ফেললেন ব্যাপারটা।রোববার এই বিশেষ বৈঠকটা আলোচনায় নিয়ে এসেছিলেন আরেক সিনিয়র খেলোয়াড় জন টেরি। শনিবার সংবাদ সম্মেলনে তিনি নিকোলাস আনেলকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রসিকতা করেছিলেন, ‘নিজের মত জানানোয় নাকি নিকোকে (আনেলকা) বের করে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রোববার তো আমাদের অনেককেই বের করে দেওয়া হতে পারে।’এরপর ‘সিরিয়াস’ হয়ে জানিয়েছিলেন, ‘আমি যদি মনে করি, কোনো পরিবর্তন আনা দরকার, সেটা আমাকে বলতেই হবে। তাতে তার (কোচের) বা অন্য কারও খারাপ লাগলে আমার কিচ্ছু আসে যায় না।’টেরির এই কথায় অনেকেই ইংল্যান্ড দলেও ফ্রান্সের মতো গৃহবিবাদের ধোঁয়া দেখতে পেয়েছিলেন। সেই ধোঁয়া থেকে আগুন এখনো প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে ইংল্যান্ডের বেস ক্যাম্প থেকে একটা সুরই ভেসে আসছে—স্লোভেনিয়ার বিপক্ষে ভালো করতে হবে। টেরি, জেমস, ক্যারাঘার থেকে শুরু করে অধিনায়ক জেরার্ড; সবার মুখে একই কথা। জেরার্ড যেন সবার হয়ে বললেন, ‘বাছাইপর্বে যে ফর্ম আমরা দেখিয়েছি, সেটা ফিরিয়ে আনতেই হবে।’সেটা তো সবাই জানে। কথা হলো, কাজটা ল্যাম্পার্ডরা করতে পারবেন কি না।