ইংল্যান্ড-নিউজিল্যান্ড ‘কোয়ার্টার ফাইনাল’
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুটি আসরের নাম ছিল নকআউট বিশ্বকাপ। ১৯৯৮ ও ২০০০ সালের ওই দুই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ছিল বাঁচা-মরার লড়াই। বাংলাদেশ ও কেনিয়ায় প্রতিটি ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। কালের আবর্তে ফরম্যাট পাল্টে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরটা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। কিন্তু কোয়ার্টার ফাইনালবিহীন টুর্নামেন্টে হঠাৎ করেই যেন এসে গেল ‘কোয়ার্টার ফাইনাল’।সেমিফাইনালে ওঠার লড়াইয়ের সমীকরণেই গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। কালকের ভারত-পাকিস্তান ম্যাচটা ব্যতিক্রম। দুই গ্রুপের বাকি তিনটি ম্যাচই কিন্তু সিঁড়ি হয়েছে শেষ চারে ওঠার। যার প্রথমটিতে পরশু টাই করে সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। আর আজ এমনি এক ম্যাচে কার্ডিফে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের হারই পুরোপুরি উন্মুক্ত করেছে গ্রুপটিকে। আজ ইংল্যান্ড জিতলে নিশ্চিত হবে সেমিফাইনাল। আর হেরে গেলে নিজের দেশে দর্শক হয়েই দেখতে হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। ম্যাচ টাই কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বিপদে পড়বে স্বাগতিকেরা। সে ক্ষেত্রে দলটিকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, আর কামনা করতে হবে শ্রীলঙ্কার অমঙ্গল। অন্যদিকে আজ জিতলে তো কথাই নেই, কোনো রকমে এক পয়েন্ট পেলেই চলবে নিউজিল্যান্ডের। তবে আজকের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইংল্যান্ড পড়েছে বিতর্কে। ইংল্যান্ডের বোলাররা বল বিকৃত করেছেন শ্রীলঙ্কা ম্যাচে—এই অভিযোগ করেছেন দলটিরই সাবেক অধিনায়ক বব উইলিস। যদিও ওয়ানডে কোচ অ্যাশলি জাইলস অস্বীকার করেছেন এই অভিযোগ। হঠাৎ করে ওঠা এই অভিযোগের বাইরেও চোটশঙ্কাও আছে ইংল্যান্ডের। ফর্মে থাকা ব্যাটসম্যান জোনাথন ট্রট ডান ঊরুর চোটে খেলতে পারেন কি না সংশয় আছে। সংশয় আছে নিউজিল্যান্ডের টিম সাউদির খেলা নিয়েও। ১১ দিন আগে দুই দলের সর্বশেষ ম্যাচটা জিতেছে ইংল্যান্ড। তবে ওই ম্যাচের আগেই নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়েছিল গাপটিলের ব্যাটিংয়ের সৌজন্যে। এর আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে আবার সিরিজ জিতেছিল ইংল্যান্ড।দুই দলের সাম্প্রতিক ইতিহাস তাই জমজমাট এক লড়াইয়ের আভাসই দিচ্ছে। তথ্যসূত্র: ক্রিকইনফো।