ইংল্যান্ড নয়, মেসি বলছেন স্পেন
মত পাল্টে ফেলেছেন লিওনেল মেসি! কদিন আগে বলেছিলেন, এবার বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনাল চান। ওয়েইন রুনির মুখোমুখি হতে তাঁর মনে নাকি রোমাঞ্চ জাগে। কিন্তু দিনকতকের মধ্যেই সুর পাল্টে ফেলেছেন ফিফার এই বর্ষসেরা। তাঁর স্বপ্নের ফাইনাল এখন আর্জেন্টিনা বনাম স্পেন! বলছেন, ‘ইংল্যান্ডের হাতে বেশ উঁচু দরের খেলোয়াড় আছে, আমার আশা—তাদের মুখোমুখি হতে হবে না আমাদের। স্পেনের অনেক খেলোয়াড়ই আমার বার্সেলোনার সতীর্থ। ইংল্যান্ডের বদলে স্পেনের সতীর্থদেরই প্রতিপক্ষ হিসেবে চাই আমি।’ওয়েইন রুনি আর ইংল্যান্ড দলটাকে নাকি ভয় পাচ্ছেন তিনি। অন্তত ইংলিশ পত্রিকা দ্য সান-এর দাবি তেমনটাই। ‘আমরা সবাই রুনিকে ভয় পাই’ মেসিকে উদ্ধৃত করে এমন শিরোনামে ঢাউস একটা খবর ছেপেছে তারা। মেসি আসলে কতটা ভয় পান, কে জানে। তবে রুনি, জেরার্ড ও ল্যাম্পার্ডদের দলটাকে যে সমীহ করেন, তাতে কোনো সন্দেহ নেই, ‘রুনি তাঁর প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার। প্রতিপক্ষের যেকোনো ডিফেন্ডারের ঘাম ছোটাতে ওস্তাদ ও। জেরার্ড ও ল্যাম্পার্ডও কম যায় না। অভিজ্ঞতা ও খেলার মানের দিক থেকে তারা অনেক গুরুত্বপূর্ণ’—বলেছেন ২২ বছর বয়সী মেসি। শুধু রুনিরাই নন, মেসি আসলে কোচ ফ্যাবিও ক্যাপেলোরও গুণমুগ্ধ, ‘ক্যাপেলোই পারেন অন্যরকম কিছু করতে। তিনি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য যথেষ্ট অভিজ্ঞ একজন। তাঁর কৌশল এবং খেলোয়াড়দের যথাযথ ব্যবহার এককথায় অনন্য।’বলা হচ্ছে, এ বছর রুনি আর মেসির মধ্যেই হবে ফিফা বর্ষসেরার পুরস্কারটির লড়াই। শেষতক সেই মুকুট নির্ধারক হয়ে দাঁড়াতে পারে বিশ্বকাপে দুজনের পারফরম্যান্স। ইংল্যান্ড-আর্জেন্টিনাও এবার ফেবারিট। যদিও ইংল্যান্ডের মতো এত সহজে চূড়ান্ত পর্বের টিকিট আর্জেন্টিনা পায়নি।এখনো সুযোগ পেলেই দু-চার কথা শুনিয়ে দেয় নিন্দুকেরা। মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগে সমালোচকদের পাল্টা জবাবও দিয়েছেন মেসি, ‘লোকে বলে, বাছাইপর্বে আমরা ভালো খেলিনি, আর্জেন্টিনা বাজে দল কিন্তু আমার ধারণা, আর্জেন্টিনা গোটা বিশ্বকে চমকে দিতে আসছে।’বাছাইপর্বে যা হওয়ার তা হয়ে গেছে। প্রীতি ম্যাচগুলো অবশ্য বেশ ভালোভাবেই পার করেছে ম্যারাডোনার দল। মেসি বলছেন, এই জয় নিজেদের আরও একতাবদ্ধ করেছে তাদের। এতক্ষণে মনের আসল কথাটি বলে ফেললেন, স্পেনের বদলে ফাইনালে ইংল্যান্ডই আসুক কিংবা যেকোনো দল, মেসির আর্জেন্টিনা নাকি তাদের উড়িয়ে দিয়েই শিরোপা জিতবে।মেসি তাহলে ধরেই নিয়েছেন, আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত! ওয়েবসাইট।