ইংল্যান্ড ব্যর্থতা নিয়ে বিসিসিআইয়ের কাটাছেঁড়া
ইংল্যান্ড সফরে গিয়ে পুরোপুরিই বিপর্যস্ত হয়েছে ভারত। সিরিজ হার তো নিশ্চিত হয়েই গেছে, প্রথম তিনটি টেস্টেই লজ্জাজনকভাবে হারের পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারাতে হয়েছে বিশ্বকাপজয়ীদের। এখন দেশের গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তের মুখেও পড়তে হতে পারে ধোনি বাহিনীকে। আর ইংল্যান্ড সফরের এই ভয়াবহ ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত্ কর্মপন্থা নির্ধারণের ভার দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর ও সচিব এন শ্রীনিবাসকে। ভারতের এ বাজে পারফরমেন্সের জন্য অনেকেই দায়ী করেছেন নির্বাচকদের। এই অভিযোগের কথা বিবেচনা করে নির্বাচকদের মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক সূত্র গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘সবারই মনে হয়েছে যে ১০ বছর অনেক বেশি সময়। কাজেই এখন আমরা নির্বাচকদের মেয়াদ ৫ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে অনেক যোগ্য ব্যক্তিই জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।’ গতকাল মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর বোর্ডের বাত্সরিক সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের ওই সূত্র। ওয়েবসাইট।