ইংল্যান্ড-ব্যর্থতায় কেপি প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতায় কেভিন পিটারসেন বিতর্কটা যে উঠবে, এটা অবধারিতই ছিল। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্রই দেড় মাস আগে পিটারসেনের ইংল্যান্ড ক্যারিয়ার শেষ করে দেওয়াটা কি আদৌ বিবেচনাপ্রসূত ছিল? নিজেদের সবচেয়ে মারকাটারি ব্যাটসম্যানকে এভাবে পরিত্যাগ করা কি আত্মঘাতী ছিল না?
জানা প্রশ্নগুলোই উঠল নতুন করে। সেটা তুলেছেন একজন ভিনদেশি, মাত্রই সাবেক হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ। স্মিথ অমনভাবে পিটারসেনকে ছেঁটে ফেলায় বিস্মিত, ‘আমি খুবই বিস্মিত হয়েছিলাম। আমি মনে করি, পরিস্থিতিটা আরও ভালোভাবে সামলানো যেত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেই বুঝবেন, ওর (কেপির) অনুপস্থিতি দলকে সমৃদ্ধ করত। আপনার যখন এ রকম একজন উঁচুমানের খেলোয়াড় আছে, যার ক্যারিয়ার এখনো বাকি, কেন তাকে চেষ্টা করে দেখা হলো না। এমন যদি হতো দুই মৌসুম ধরে সে ফর্মে নেই, তাহলে ব্যাপারটা অন্যভাবে দেখা যেত। কিন্তু ও এখনো সবল ও ফিট। এখনো পারফর্ম করছে। এটি আসলেই বিস্ময়কর।’
সমালোচনা করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের পারফরম্যান্সেরও, ‘আমার কাছে ইংল্যান্ডকে মলিন মনে হয়েছে। মনে হয়েছে তাদের নতুন উদ্দীপনা, দিকনির্দেশনা দরকার। দরকার দলটাকে যূথবদ্ধ করার মতো কাউকে।’
মজার ব্যাপার, একসময় পিটারসেনকে স্মিথ ‘অপদার্থ’ বলেছিলেন। পাকেচক্রে এই স্মিথই এখন ইংলিশ কাউন্টি দল সারেতে পিটারসেনের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে না খেললেও কেপির অবশ্য দম ফেলার ফুরসত থাকবে না। এ মাসেই দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলবেন। এরপর সারের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি খেলেই উড়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তামিমের সাবেক দল সেন্ট লুসিয়া জুকসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কেপি। ওয়েবসাইট।