ইংল্যান্ড ম্যাচের জয় ভারতের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের শুরুতেই মুখোমুখি ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! বিশ্বের নানা প্রান্তের দর্শক এ ম্যাচেই আজ বুঁদ থাকবে। আইসিসির জন্য টি-টোয়েন্টি সব সময়ই বড় এক আয়োজন এবং এবারও দুর্দান্ত এক প্রতিযোগিতারই আভাস মিলছে। অতীত ছাপ রাখে কমই, তার পরও পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে বরাবরই ভালো করেছে ভারত। পাকিস্তানকে আজ ভারতের বাধা টপকাতে হলে ভিন্ন কিছু করতে হবে। ইংল্যান্ড ম্যাচটা ভারতের জন্য বয়ে এনেছে অনেক শুভলক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। যদিও এটি ছিল প্রস্তুতি ম্যাচ, কিন্তু জয় জয়ই। আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে এটি অনুপ্রাণিত করবে ভারতকে। প্রস্তুতি ম্যাচে ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই ছিল। নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচকই বেশি। সুরেশ রায়নার ফর্মে ফেরাটা দলে নিয়ে আসবে স্বস্তির সুবাতাস। ইংল্যান্ডের সঙ্গে সে দারুণ খেলেছে, পেসটাও সামলেছে ভালো। শর্ট বলে হুক করে সে প্রমাণ করার চেষ্টা করেনি সে এটা ভালো খেলে। সে বরং ভালো টাইমিং করেছে, সেগুলোর কিছু বাউন্ডারিও হয়েছে। দল যখন ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি। এটা একটা ভালো দিক। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং দলকে অনেক আত্মবিশ্বাস জোগাবে। আশা করি, সে এটা ধরে রাখবে।
ভারতকে পেস বিভাগটা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে, যা মনে হচ্ছে ভুবনেশ্বর তার পুরো কোটা পূরণ করবে। এটা ঠিকই আছে, কিন্তু বরুণ অ্যারন ও সামিকেও শেষ ওভারগুলোয় ভালো করতে হবে। এটা এখনো ভারতের দুর্বল দিক, আশা করি সেটা আজ এই বড় দিনে তারা কাটিয়ে উঠতে পারবে।
পাকিস্তান কেমন করে সেটাও দেখার বিষয়। ম্যাচের আগে তাদের মানসিক অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। আগের হতাশাটা ভোলার একটা পথ তাদের বের করতে হবে। এই ফরম্যাটে ওরা খুবই ভালো দল। ওদের ম্যাচ বের করে নেওয়ার মতো বিপজ্জনক খেলোয়াড় আছে। ওদের বোলিংটা এখানেও এগিয়ে থাকবে। কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে সেটা অনেক বেশি সুশৃঙ্খল হতে হবে। ওদের নতুন কয়েকজন ব্যাটসম্যান আছে। বোলারদের লড়াইয়ের জন্য তাদেরও কিছু রান করে দিতে হবে। আর খেলার সময়টাও দুই দলের লড়াইকে ভারসাম্য দেবে। এর আগে এশিয়া কাপে শিশিরের প্রভাব দেখা গিয়েছিল। কিন্তু সাড়ে সাতটায় শুরু সন্ধ্যার ম্যাচ দুই দলের কাছে শিশিরের প্রভাবটা থাকবে একই রকম। আক্রমণের ভারসাম্যই সাফল্যের চাবিকাঠি হবে আজ।