ইংল্যান্ড ম্যাচের ভুলগুলো আর নয়: সাকিব
শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে এই মুহূর্তে অনেকটাই নির্ভার বাংলাদেশ দল। তবে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় অবস্থানরত সাকিব, তামিম, ইমরুল, শফিউল, মাহমুদউল্লাহ, রাজ্জাকরা সব ভুলে সেই অবিস্মরণীয় জয় নিয়েই মেতে আছেন—এমনটা যদি ভাবেন, তাহলে বেশ বড় ধরনের ভুল করবেন আপনি। গত ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরানোর পাশাপাশি তাঁরা এই মুহূর্তে প্রস্তুত কাল হল্যান্ডের বিপক্ষে ‘গুরুত্বপূর্ণ’ ম্যাচের জন্য। গুরুত্বপূর্ণ শব্দটি এ ক্ষেত্রে উচ্চারিত হলো এ কারণে যে কোয়ার্টার ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যেতে কাল ডাচদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচে জয়ই সাকিবদের জন্য কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেতে হবে ইংল্যান্ডের। তবে সবকিছু মাথা থেকে সরিয়ে আপাতত ডাচদের নিয়েই চিন্তাভাবনাকে সীমিত করে রাখতে চান বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেই জিতেছি। তবে কয়েকটি ভুল ছিল অমার্জনীয়। আর একটু হলেই সেই ভুলগুলোর খেসারত আমাদের দিতে হতো।’ বলেছেন সাকিব আল হাসান।‘দুটি রান আউটই আমাদের পরাজয়ের কারণ হতে পারত।’ ইংল্যান্ডের বিপক্ষে জুনায়েদ ও ইমরুল কায়েসের দুটি রান আউট নিয়ে সাকিবের মন্তব্য। তিনি বলেন, ‘এই দুটি রান আউটের খেসারত আমরা দিতে যাচ্ছিলাম। বাকি দুটো ম্যাচে এসব ভুল আর করা যাবে না।’ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজের আউটটা নিয়েও দারুণ বিরক্ত সাকিব। তিনি বলেন, ‘আসলেই ম্যাচের ওই সময় আমার ওই শটটি খেলা উচিত হয়নি। আমার আরও কিছুক্ষণ উইকেটে থাকা দরকার ছিল। তা হলে আরও সহজেই আমরা ম্যাচটা জিতে যেতাম।’সাকিব আরও বলেন, ‘দলের প্রতি আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। আমাদের দলের প্রায় সবাই খুবই কমিটেড। নিজেদের দায়িত্বের প্রতি খুবই সচেতন। তাঁরা পরিশ্রমী। সারাক্ষণ দলের সাফল্যের কথা ভাবে। এমন খেলোয়াড়দের নিয়ে গড়া দলের পক্ষে যেকোনো পরিস্থিতিতে ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব।’ রয়টার্স।