ইংল্যান্ড সফরে ফিরছেন গাপটিল-ভেট্টরি
ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন ড্যানিয়েল ভেট্টরি ও মার্টিন গাপটিল। অবশেষে আবার মাঠে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। আগামী মে মাস থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরেই নিউজিল্যান্ড দলে দেখা যাবে ভেট্টরি ও গাপটিলকে।২০১১ সালের বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি ড্যানিয়েল ভেট্টরিকে। গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘদিন ভুগতে হয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ককে। ২০১১ সালে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছিলেন ভেট্টরি। কিন্তু পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তন করেন এই অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভেট্টরির আর ফেরা হবে কি না, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে এবার ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে ফিরে এসেছেন ভেট্টরি। অন্যদিকে হাতের আঙুলে চোট পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট সিরিজটি মাঠের বাইরে কাটিয়েছিলেন মার্টিন গাপটিল। তবে ইনজুরি কাটিয়ে আবার মাঠে নামার জন্য প্রস্তুত এই ডানহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে, দুই দলেই জায়গা পেয়েছেন গাপটিল। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসোন এক বিবৃতিতে বলেছেন, ‘পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য গাপটিল অনেক পরিশ্রম করেছে। আর আমরা জানি যে তিনি দেশের হয়ে খেলার জন্য কী রকম উদগ্রীব হয়ে থাকেন।’আগামী মে মাস থেকে শুরু হবে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর।— রয়টার্স