ইংল্যান্ড সফরেই খেলতে চান শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কবলে পড়ে ইংল্যান্ড সফরে খেলাটা অনিশ্চিতই হয়ে পড়েছিল বীরেন্দর শেবাগের। তবে গত সপ্তাহে লন্ডনে গিয়ে কাঁধে একটা অস্ত্রোপচার করে আসার পর এখন আবার মাঠে ফেরার পরিকল্পনা করছেন এই ভারতীয় ওপেনার। আগামী ইংল্যান্ড সফরেই মাঠে নামতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।মিড ডে ট্যাবলয়েডকে দেওয়া এক সাক্ষাত্কারে শেবাগ বলেছেন, ‘আমার মনে হয়, আমি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই খেলতে পারব। এ কারণেই আমি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলের খেলাগুলোয় অংশ নিইনি এবং লন্ডনে চলে গেছি কাঁধের অস্ত্রোপচারের জন্য।’ আর ছয় বা আট সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি। বলেছেন, ‘ছয় সপ্তাহ পর আবার আমি লন্ডনে যাব একটা চেক-আপের জন্য। আশা করছি, কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাব। নিয়মিত বিশেষ কিছু অনুশীলন করলেই পুরোপুরি ফিট হয়ে যাব মাঠে নামার জন্য। এখনই আমি প্রতিদিন আমার অগ্রগতিটা টের পাচ্ছি।’ টাইমস অব ইন্ডিয়া।