ইংল্যান্ড সফরের আগে সতর্ক পিসিবি
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারি। এ ঘটনায় তিন পাকিস্তানি ক্রিকেটারের ওপর আইসিসির নিষেধাজ্ঞা, যুক্তরাজ্যের আদালতে ক্রিকেটারদের বিরুদ্ধে কারাদণ্ডাদেশ। তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার বাড়তি সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বার্তা সংস্থা রয়টার্সের খবর, আসছে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে নজরদারি করার জন্য একজন কর্মকর্তা পাঠাবে পিসিবি। বিদেশ সফরে সাধারণত দলের সঙ্গে একজন নিরাপত্তা কর্মকর্তা পাঠানো হয়। এবার নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যাচ্ছেন আরেকজন তদারকি কর্মকর্তা।পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ আজ শুক্রবার রয়টার্সকে বলেন, ‘তিন বছর আগের মতো আরেকটা ঘটনা যেন না ঘটে, পাকিস্তান ক্রিকেটকে যেন ভুগতে না হয়, সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমরা। এবার নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আরেকজন কর্মকর্তা পাঠানো হচ্ছে। তাঁর কাজ হবে ক্রিকেটারদের ওপর নজরদারি করা। এ ছাড়া সফরে ক্রিকেটারদের ওপর বিশেষ কিছু আচরণবিধি আরোপ করতে যাচ্ছি আমরা।’লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় সালমান বাটকে ১০ বছর, মোহাম্মদ আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাট ও আসিফের করা আপিল এক সপ্তাহ আগে খারিজ করে দেন কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। আমির আপিল না করে আগেভাগেই দোষ স্বীকার করে নিয়েছেন।স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর এবং আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম।ওয়ানডে সিরিজে অংশ নিতে আগামী মাসে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। সেখান থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানি ক্রিকেটাররা যাবেন ইংল্যান্ডে। তিন বছর আগে বাট-আসিফ-আমিরের স্পট কেলেঙ্কারির পর এটি হবে পাকিস্তান দলের প্রথম ইংল্যান্ড সফর।জাকা আশরাফ বলেন, ‘গতবার আমরা যে ভুল করেছি, এর পুনরাবৃত্তি করতে চাই না। পাকিস্তান ক্রিকেটের মানসম্মান ও বাস্তবতা মাথায় রাখতে হবে আমাদের। ক্রিকেটাররা আরেকটা কেলেঙ্কারির ফাঁদে পড়ুক, এমনটা আমরা চাই না।’