ইংল্যান্ড ১৭১ রানে অলআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইয়ে সকালেই কু-ডাক শুনতে পেয়েছিল ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই দলীয় ১ রানে ফিরে গিয়েছিলেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। ২ রানে কেভিন পিটারসেন ও ১৫ রানে ইয়ান বেল। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শুরু হওয়া ইনিংসে আশার আলো জ্বেলেছিলেন সেরা ফর্মে থাকা জোনাথন ট্রট ও রবি বোপারা। ট্রট ৫২ ও বোপারা ৬০ রানের দুটি ইনিংস খেলে দলকে বড় স্কোরের স্বপ্নই দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু, ইংলিশ দলে দ্বিতীয় পর্যায়ের বিপর্যয় শুরু হয় মাত্র ৩৫ রানে ট্রট, প্রাইওর ও বোপারা ফিরে গেলে। এরপর থেকে ইংলিশ ব্যাটিংকে তাসের-ঘরের মতোই মনে হচ্ছে। ‘জিততেই হবে’-এমন এই ম্যাচে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয়ে গেছে ১৭১ রানেই (৪৫ দশমিক ৪ ওভার)। দক্ষিণ আফ্রিকার পক্ষে আজ সেরা বোলার ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। তাঁর বোলিং পরিসংখ্যানটা অনেকটা এমন- ৮ দশমিক ৪ ওভার-১ মেডেন-৩৮ রান ও ৪ উইকেট। অপর স্পিনার রবিন পিটারসনের সংগ্রহ ৩টি উইকেট। স্টেইনের সঙ্গে বোলিং আক্রমণ উদ্বোধন করতে এসে প্রথমেই তিনটি উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিংয়ের বিপর্যয়ের সূচনাটা করেন মূলত তিনিই। পেসার মরকেলের সংগ্রহ ২টি উইকেট। তিনি গুরুত্বপূর্ণ সময়ে প্রাইওর ও বোপারাকে আউট করে ইংলিশ ব্যাটিংকে বড় সংগ্রহের দিকে যেতে দেননি। ফাস্ট বোলার ডেল স্টেইনের সংগ্রহ একটি উইকেট।