ইংল্যান্ড ‘শূন্য করে’ আফ্রিকায় দ্রগবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্গোলায় আগামী রোববার থেকে শুরু হচ্ছে আফ্রিকান নেশনস কাপ। বিশ্বকাপের স্বাগতিক মহাদেশের শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে ফুটবল বিশ্ব পাচ্ছে আফ্রিকান ফুটবলের ‘আদিম সৌন্দর্য’ উপভোগের উপলক্ষ। আর আফ্রিকার দেশগুলো পাচ্ছে বিশ্বকাপের আগে পোশাকি মহড়া দেওয়ার সুযোগ। কিন্তু...।এই টুর্নামেন্টের কারণেই এক মাসেরও বেশি সময়ের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগকে হারাতে হচ্ছে আফ্রিকান তারকাদের। যখন কিনা ওই তারকাদের খুব করে প্রয়োজন ছিল দলগুলোর, বিশেষ করে শিরোপা প্রত্যাশীদের।কারা হবে এবারের আফ্রিকান সেরা? মানুষ যখন এই প্রশ্নের উত্তর খুঁজবে, ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো তখন ব্যস্ত থাকবে শিরোপা লড়াইয়ের উন্মাদনায়। এ সময়টাতে লিগ শ্রেষ্ঠত্বের মুকুট পরার উত্তাল পথ পাড়ি দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই। দিদিয়ের দ্রগবা, মাইকেল এসিয়েন, জন ওবি মিকেলরা নিজেদের দেশকে শিরোপা জেতানোর লড়াই নিয়েই ব্যস্ত থাকবেন ওই সময়টায়।ইংলিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে চেলসি। এ মৌসুমে চেলসির দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তাঁর দল গুছিয়ে নিয়েছেন। তবে আফ্রিকান নেশনস কাপের জন্য সেরা চার খেলোয়াড়কেই হারাতে হয়েছে তাঁকে। আইভরিকোস্টের দুই ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা ও সলোমান কালুর সঙ্গে এরই মধ্যে ইংল্যান্ড ছেড়ে গেছেন ঘানার মাইকেল এসিয়েন ও নাইজেরিয়ার জন ওবি মিকেল।চেলসি কোচ অবশ্য এ নিয়ে খুব একটা শঙ্কিত নন। ‘আফ্রিকান খেলোয়াড়দের ছাড়াও জানুয়ারি মাসটা আমরা ভালো কাটাতে পারব এবং ভালো পারফর্ম করতে পারব বলেই মনে হয় আমার’—বলেছেন আনচেলত্তি। গত রোববার দ্রগবা, কালু, এসিয়েন, ওবি মিকেলদের ছাড়াই এফএ কাপে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়াতেই মনে হয় আত্মবিশ্বাসটা বেড়ে গেছে চেলসি কোচের।২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। এর পরই ম্যানইউর অবস্থান (৪৩ পয়েন্ট)। আফ্রিকান নেশনস কাপ অবশ্য ম্যানইউ থেকে কাউকে কেড়ে নিতে পারেনি। তবে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনালকে সইতে হবে খেলোয়াড় হারানোর ধাক্কা।আইভরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল এবুর সঙ্গে ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সংকে এক মাসের জন্য পাবে না ‘গানার’রা। এদিকে রবিন ফন পার্সি চোট নিয়ে আছেন মাঠের বাইরে। এই ধাক্কাটা আরও বড় হতে পারত, যদি না সর্বশেষ দলবদলের বাজারে আইভরিকোস্টের কোলো তোরে ও টোগোর ইমানুয়েল আদেবায়োরকে বিক্রি করে না দিত আর্সেনাল।এবার বড় ঝক্কি সইতে না হলেও আফ্রিকান নেশনস কাপটা যে প্রিমিয়ার লিগের দলগুলোর জন্য বড় এক সমস্যা, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বললেন সে রকমই, ‘প্রতি দুই বছর পরপর আফ্রিকান নেশনস কাপ হয় এবং আমার মনে হয় জানুয়ারি মাসে যখন অনেক খেলোয়াড় চলে যায়, তখন বড় সমস্যাই হয়।’তবে আফ্রিকান নেশনস কাপে সবচেয়ে বড় সমস্যায় পড়বে রেলিগেশন এলাকা এবং এর আশেপাশে ঘুরপাক খেতে থাকা পোর্টসমাউথ। চারজন খেলোয়াড় হারাতে হচ্ছে তাদের। আইভরিকোস্টের অরুনা দিনদানে ও নাইজেরিয়ার কানুর সঙ্গে আলজেরিয়ান জোড়া নাদির বেলহাজ ও হাসান ইয়েবদাকে হারাচ্ছে তারা।‘পম্পি’দের নতুন কোচ আভরাম গ্রান্ট তো এ সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন, ‘আমি ঠিক জানি না, ফিফা এটা (খেলোয়াড়দের যেতে দেওয়া) কেন অনুমোদন দেয়, আর আফ্রিকান নেশনস কাপই বা কেন জানুয়ারিতে হয়। খেলোয়াড়েরা দুই সপ্তাহ আগে চলে যায় এবং এসে আবার ঠিক হতে আরও দুই সপ্তাহ লাগে।’ এএফপি।