
আগের দিন ইংল্যান্ডের কাছে ক্রিকেটে মাশরাফি-সাকিবদের হারের প্রতিশোধ নিলেন কাবাডি খেলোয়াড়েরা। কাল ভারতে কাবাডির বিশ্বকাপে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়েছেন আরদুজ্জামান, তুহিনরা। আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়া ইনডোরে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
ইংল্যান্ডের জার্সি গায়ে মূলত খেলেছেন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়েরা। রেইড, ট্যাকলে বাংলাদেশের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দল। ৪০ মিনিটের ম্যাচে ১৫ মিনিটেই অলআউট ইংল্যান্ড! যার মানে প্রথমার্ধেই একটি লোনা তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে তুলে নেয় আরও দুটি লোনা। বাংলাদেশ যখনই পয়েন্ট পেয়েছে, তখনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছে লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠা কিছু বাংলাদেশি দর্শকের মুখ। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গো বাংলাদেশ।’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কতটা দাপুটে ছিল, তা ম্যাচ বিশ্লেষণের পরিসংখ্যানেই স্পষ্ট। ইংল্যান্ড শুধু রেইড থেকে পেয়েছে ১৩টি পয়েন্ট। কিন্তু বাংলাদেশ ৩৪টি রেইড পয়েন্ট পেয়েছে, ট্যাকল পয়েন্ট পেয়েছে ৯টি। লোনার সুবাদে ৬ পয়েন্ট এবং অতিরিক্ত পয়েন্ট পেয়েছে ৩টি।
বাংলাদেশ দলে রয়েছেন ভারতের পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডিতে খেলা তিন অভিজ্ঞ খেলোয়াড়—আরদুজ্জামান মুন্সি, তুহিন তরফদার ও জাকির হোসেন। এই তিনজন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়েছেন ইংল্যান্ডের ডেরায়, দুর্দান্ত ট্যাকলে
বেরিয়ে এসে ছুঁয়ে ফেলেছেন সীমানা দাগ।
আরদুজ্জামান ও সবুজ মিয়া ৮টি করে ম্যাচ পয়েন্ট পেয়েছেন। তুহিন পেয়েছেন ৬ পয়েন্ট। ইংল্যান্ডের রেইডার অ্যাডিউলার জোগাড় করেছেন সর্বোচ্চ ৮টি ম্যাচ পয়েন্ট। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের শমসার কালিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ১১ অক্টোবর। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি। পরশু ভারত প্রথম ম্যাচে ৩২-৩৪ পয়েন্টে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। বাংলাদেশ এর আগে দুবার বিশ্বকাপে খেলে দুবারই জিতেছে ব্রোঞ্জ।