ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপে দলটিকে খুব কম দলই ফেবারিট হিসেবে দেখে। তবে ব্যতিক্রমই বলতে হবে লিওনেল মেসিকে। ব্রাজিল, স্পেনের মতো ইংল্যান্ডকেও বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে দেখছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।বিশ্বকাপের ফেবারিট প্রশ্নে ফক্সস্পোর্টসকে গতকাল শুক্রবার ২২ বছর বয়সী মেসি বলেন, ‘ব্রাজিল ও স্পেনকে ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমি মনে করি, ফেবারিটের দৌড়ে অন্যদের মতো ইংল্যান্ডও এগিয়ে রয়েছে। কোচ ফ্যাবিও ক্যাপেলোর দলকে হারানো যে কারও জন্যই কঠিন হবে।’বার্সেলোনার হয়ে ঈর্ষণীয় একটা মৌসুম কাটিয়ে বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বেও থাকছেন তিনি। মেসির মধ্যেই ডিয়েগো ম্যারাডোনার ‘ছায়া’ খুঁজে পান বর্তমান সময়ের আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনা দলে মেসি ছাড়াও রয়েছে কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইনের মতো স্ট্রাইকার। তবে মেসির জাদুতেই যত ভয় প্রতিপক্ষের রক্ষণভাগের। কারণ, মেসির দিনে কারও সাধ্য নেই আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখার।বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা প্রশ্নে ‘অতি বিনয়ী’ ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তিনি বলছেন, ‘আশা করছি, এ বিশ্বকাপ আমার হবে, আর্জেন্টিনার হবে। সমর্থকদের প্রত্যাশামতো খেলে বিশ্বকাপ জয় করতে চাই আমরা।’স্প্যানিশ লিগে বার্সেলোনার শিরোপা জয়ের নায়ক মেসি। লিগে একাই ৩৪টি গোল করেছেন তিনি। তার পরও বিশ্বকাপের আগে পুরোনো অভিযোগ শুনতে হচ্ছে আর্জেন্টিনার ভরসার প্রতীক এই ফুটবলারকে। মেসির বিরুদ্ধে অভিযোগ, ক্লাবের হয়ে তিনি যতটা উজ্জ্বল জাতীয় দলের হয়ে ঠিক ততটাই অনুজ্জ্বল। সমর্থকদের এ অভিযোগের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মেসি বলছেন, ‘সমর্থকদের মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে তাদের ভুল ভেঙে দেওয়ার সময় এসে গেছে। বিশ্বকাপেই জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাব। আশা করছি, আমি তা পারব।’