ইংল্যান্ডকে ওয়ার্নের'গুগলি'
তাঁর বোলিং-যন্ত্রণার শিকার কোন দলই না হয়েছে? তবে সবচেয়ে বেশি যন্ত্রণা বোধ হয় পেয়েছে ইংল্যান্ড। তাঁর ৭০৮ উইকেটের ১৯৫টিই ইংল্যান্ডের বিপক্ষে। সেই শেন ওয়ার্ন এখন মাঠে নেই। তাতে কী! মাঠের বাইরে থেকেও প্রতিপক্ষকে ‘গুগলি’ করে যাচ্ছেন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ১৩ মাচের ১২টিতেই হেরে বসা ইংল্যান্ডের যখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’র অবস্থা, ঠিক সেই সময়েই সর্বশেষ গুগলিটি দিলেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি। প্রস্তাব পেলে ইংল্যান্ডের কোচ হওয়ার ব্যাপারটা বিবেচনা করবেন।
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। দুঃসহ এই সিরিজের পর নতুন করে শুরুর জন্য যখন নতুন কোচের সন্ধানে দেশটির ক্রিকেট প্রশাসন, তখনই ওয়ার্ন ইংল্যান্ডের কোচ হতে চাইলেন ওয়ার্ন। ‘আমার ইংলিশ অনুসারীদের বলছি। ইংল্যান্ডের কোচ হিসেবে আপনারা যে আমাকে ভাবছেন, তাতে আমি আনন্দিত। আমি যা বলতে পারি তা হলো এই, আমি বিষয়টি নিয়ে ভাবব’—টুইটারে ইংল্যান্ডের কোচ হওয়ার দাবি ওঠায় টুইটারেই উত্তর দিয়েছেন ওয়ার্ন!
এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সেটি যে একপেশে সিরিজে সবকিছু হারিয়ে মুষড়ে পড়া ইংলিশদের জন্য একটা খোঁচা, পরের টুইটেই সেটা পরিষ্কার করে দিয়েছেন ওয়ার্ন, ‘ইংল্যান্ড দলের দায়িত্ব, আমি জানি এটা কিছুটা আগ্রহের সৃষ্টি করেছে...হা-হা-হা। আমাকে যে বিবেচনা করা হচ্ছে আমি তাতে খুশি। কিন্তু সব সময়ই আমার প্রধান লক্ষ্য হলো কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে থাকা।’ ওয়ার্নের অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকাটা এর মধ্যে নিশ্চিতও হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের স্পিন পরামর্শক হিসেবে থাকবেন তিনি। ওই টুইটের সূত্র ধরে অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা আলাদা একটি প্রতিবেদনই করেছে, যেটির শিরোনাম, ‘ইংল্যান্ডের কোচ হওয়ার চিন্তা নেই শেন ওয়ার্নের।’
ইংল্যান্ডের কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারের উত্তরসূরি হিসেবে যাঁকে এগিয়ে রাখা হচ্ছে সেই অ্যাশলি জাইলস পরশু জানিয়ে দিয়েছেন তাঁর আগ্রহের কথা। ওয়েবসাইট।