ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল আফগানরা

ম্যাচটা কি আফগানিস্তানের সঙ্গে খেলছে ইংল্যান্ড, নাকি মোহাম্মদ নবীর সঙ্গে? আফগান অলরাউন্ডারই যে ইংলিশদের ফেলে দিয়েছেন তীব্র চাপে! ষষ্ঠ ওভারে দুই উইকেট নিলেন, একটি রান আউট করলেন। কিছুক্ষণ পরই দুর্দান্ত এক ক্যাচ নিয়ে একাই যেন ইংল্যান্ডকে কাঁপিয়ে দিলেন নবী। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৩ ওভারে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৭৬।
ষষ্ঠ ওভারে টানা দুই বলে ভিন্স ও মরগানের উইকেট তুলে নেন নবী। হ্যাটট্রিক বলেও এলবিডব্লুর আবেদন হলো, কিন্তু অফস্টাম্পের একটু বাইরে থাকায় আম্পায়ার আউট দিলেন না। তাতেও ইংল্যান্ড বাঁচার পথ পেল কই? পরের বলেই জো রুট ও বেন স্টোকসের মধ্যে ভুল–বোঝাবুঝি। রুট রান আউট!
সেটিও কী নাটকীয়তায়! স্টোকসের ডাকে দৌড়ে ক্রিজ পার হয়ে গিয়েছিলেন নন–স্ট্রাইকে থাকা রুট। ততক্ষণে অবশ্য ‘না’ করে দিয়েছিলেন স্টোকস, কিন্তু দেরি হয়ে গেছে। বোলার নবীর হাতে বল গেল, কিন্তু তিনি প্রায় ভজকট পাকিয়ে ফেলছিলেন। বল হাতে আসার আগেই বেল ফেলে দিয়েছিলেন। কিন্তু মুহূর্তের সিদ্ধান্তে পরে আবার বল হাতে নিয়ে স্টাম্প উপড়ে সংশোধন করে নিলেন। আউট!
এক ওভারে তিন–তিনটি উইকেট হারিয়ে আফগানিস্তানের সামনে রীতিমতো কাঁপছিল ইংল্যান্ড। কিছুক্ষণ পর জস বাটলারও দুর্দান্ত ক্যাচের শিকার হলেন। ক্যাচ নিয়েছেন সেই নবী। এরপর শেষ ভরসা হয়ে ব্যাট করতে থাকা জস বাটলারও ফিরে যাওয়ায় রীতিমতো কাঁপছে ইংল্যান্ড।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েও হেরে গিয়েছিল আফগানিস্তান। আজ বোলিংটাও দারুণ করছে তারা। বিশ্বকাপের প্রথম অঘটনের দেখাও কি মিলবে আজ?