ইংল্যান্ডকে জেতাল ‘চোকার্স’ দ. আফ্রিকা
কে বলে, শুধু চার আর ছয়ের ফোয়ারাই ওয়ানডে-রোমাঞ্চের একমাত্র পূর্বশর্ত! ব্যাট আর বলের লড়াই জমলে লো স্কোরিং ওয়ানডেও রাঙিয়ে দিতে পারে মন। প্রমাণ তো হাতের কাছেই।৯৩.২ ওভারের ম্যাচে রান মাত্র ৩৩৬। সর্বোচ্চ স্কোর ৬০, চার ৩৩টি, একটিমাত্র ছক্কা। তার পরও কাল চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচের তালিকায় ঢুকে গেল।ফলাফলটা ১ উইকেট বা ১ রানে হয়নি। তবে ম্যাচের শেষ বলটি পর্যন্ত জয় হাতছানি দিয়ে গেছে দু দলকেই। শেষ পর্যন্ত ইংল্যান্ড। ভারতের বিপক্ষে জিততে জিততে ‘টাই’ করা ইংল্যান্ড। আয়ারল্যান্ডের কাছে অভাবিতভাবে হেরে যাওয়া ইংল্যান্ড। এই বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ মানেই যেন নাটকীয়তা। অ্যান্ড্রু স্ট্রাউস মজা করে বললেন, ‘৫০ ওভারের ক্রিকেট যে দারুণ একটা ব্যাপার, মনে হচ্ছে তা প্রমাণ করার দায়িত্বটা আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি।’১৭১ রান তাড়া করতে নেমেও এমন লেজেগোবরে হয়ে দক্ষিণ আফ্রিকা কী প্রমাণ করল? চাপে পড়লেই ওরা মড়মড় করে ভেঙে পড়ে? গ্রায়েম স্মিথ মানবেন না জানা ছিল। তবে অভিশপ্ত সেই শব্দটা তাঁকে ঠিকই শুনতে হলো সংবাদ সম্মেলনে। শোনারই কথা। ৩ উইকেটে ১২৪ থেকে ১৬৫ রানে অলআউট, এটা কি ভাই ‘চোকিং’ নয়!এই ম্যাচে এত নাটক যে কোনটা ছেড়ে কোনটার কথা আগে বলা উচিত, গুলিয়ে যাওয়ার দশা। শুরুটাই তো মহানাটকীয়। সকাল সাড়ে নয়টায় খেলা শুরু, স্টেইন-মরকেলরা আছেন, অথচ গ্রায়েম স্মিথ কি না প্রথমেই বল তুলে দিলেন বাঁহাতি স্পিনারের হাতে! কেভিন পিটারসেনকে উইকেটে দেখলেই এখন বাঁহাতি স্পিনারদের চোখ চকচক করে ওঠে। কালকের পর থেকে আরও বেশি করবে। রবিন পিটারসেন পঞ্চম বলেই যে স্লিপে ক্যাচ বানালেন কেপিকে। ড্রেসিংরুমে ফিরে অ্যান্ড্রু স্ট্রাউসের তখনো প্যাড-ট্যাডও খোলা হয়নি। তৃতীয় বলেই পিটারসেনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে নাটকের শুরুটা করে দিয়েছেন ইংল্যান্ড-অধিনায়কই।পঞ্চম ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ১৩। আবারও পিটারসেন। এবার শিকার ইয়ান বেল। প্রথম ওভারেই টার্ন আর বাউন্স বুঝিয়ে দিয়েছিল, এটা ওয়ানডের প্রথাগত তক্তা উইকেট নয়। এখানে আজ ব্যাটসম্যানদের স্কিলের চূড়ান্ত পরীক্ষা হবে।সেই পরীক্ষায় পাস নম্বর পেয়েছেন শুধুই দুজন। জনাথন ট্রট ও রবি বোপারা। ম্যাচে হাফ সেঞ্চুরি শুধু এই দুজনেরই। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে একটু শ্বাস ফেলার অবকাশও দিয়েছেন তাঁরাই। এই ৯৯ রান ২৫.১ ওভারে। ওয়ানডের আয়নায় গতিমন্থরতার নিদর্শন। ম্যাচ শেষ হতে হতে সেটিই হয়ে গেল ‘অবস্থা বুঝে ব্যবস্থা’র আদর্শ এক উদাহরণ। রান করতে ভুলে যাওয়া পল কলিংউডের জায়গায় দলে এসেছেন বোপারা। ২০০৮ সালের নভেম্বরের পর প্রথম ওয়ানডে ফিফটি। ম্যাচের একমাত্র ছক্কাটিও মেরেছেন। তার পরও ৯৮ বলে ৬০ ঠিক বোপারার ইনিংস নয়। এই ইনিংসই ম্যাচ-সেরার পুরস্কার এনে দেওয়ার পর বোপারা বললেন, ‘মিনিট বিশেক উইকেটে থাকার পরই বুঝে ফেলেছি, এখানে ইচ্ছামতো মারা যাবে না।’ইচ্ছামতো মারার তো প্রশ্নই আসে না। টিকে থাকাটাও ক্রমশ কঠিন কর্ম হয়ে দাঁড়াল এখানে। ওয়ানডেতে ব্যাটসম্যানদের হাতে নিগৃহীত হতে হতে মনোরোগী হওয়ার উপক্রম বোলাররা কালেভদ্রেই এমন উইকেট পান। এই সুযোগ তাঁরা ছাড়বেন কেন? ১৫ রানে পড়েছিল ইংল্যান্ডের প্রথম ৩ উইকেট। ৫২ রানে পড়ল শেষ ৭। পিটারসেন ২২ রানে ৩ উইকেট, ইমরান তাহির ৩৮ রানে ৪। এঁদের কেউই তো ম্যান অব দ্য ম্যাচ। এই যুগে ১৭১ কোনো রান নাকি! দক্ষিণ আফ্রিকা তো হেসেখেলেই করে ফেলবে।কিন্তু উইকেটটাও যে এই যুগের ছিল না। ২৫ বছর আগে এই চিদাম্বরম স্টেডিয়ামই সাক্ষী হয়েছিল এক লেগ স্পিনারের অমর কীর্তির। সেই সময়ের প্রবল পরাক্রান্ত ওয়েস্ট ইন্ডিজ শুয়ে পড়েছিল তাঁর ঘূর্ণির মায়াজালে। টেস্ট অভিষেকেই ১৬ উইকেট নেওয়া নরেন্দ্র হিরওয়ানির নাম শুনলে ভিভ রিচার্ডস এখনো বলেন, ‘নো মান, দ্যাট ওয়াজ আ শিট উইকেট।’ এই ম্যাচের উইকেটও খুব কম গেল না, এখানে দ্বিতীয়-তৃতীয় দিন খেলা হলে ‘শিট-টিট’ বলেও সেটিকে বোঝানো যেত না।হিরওয়ানি-রিচার্ডসদের যুগে কেউ রিভার্স সুইংয়ের নামও শোনেনি। কাল স্পিনিং ট্র্যাকে যোগ হলো রিভার্স সুইং। তাতেই দক্ষিণ আফ্রিকার অপরাজেয় ভাবমূর্তি মিশে গেল ধুলায়। গ্রায়েম সোয়ানের উইকেট মাত্র একটি, যা একদমই বোঝাতে পারছে না, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের কী নাকানিচুবানিটাই না খাইয়েছেন!স্টুয়ার্ট ব্রডের বেলায় এই সমস্যা নেই। ৬.৪-০-১৫-৪-ই বলে দিচ্ছে সব। বিশ্বকাপে তাঁর আগের দুই ম্যাচে ১৯ ওভারে ১৩৮ রানের অপমান সয়েছেন। কাল সেটি ধুয়েমুছে গেল রিভার্স সুইংয়ের জাদুতে। ইংল্যান্ডের জয়ও তো এতেই। কী আশ্চর্য, তার পরও ব্রড ম্যান অব দ্য ম্যাচ নন! বোপারা অবশ্য ঠিকই দিয়েছেন স্বীকৃতি, ‘আমি নই, ব্রডেরই ম্যান অব দ্য ম্যাচ হওয়া উচিত ছিল।’তবে দক্ষিণ আফ্রিকা না হারলে ব্রড বা বোপারা কেউই ইংল্যান্ডকে জেতাতে পারতেন না। লক্ষ্য ১৭২, দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৬৩ হয়ে যাওয়ার পরই তো এই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যাওয়ার কথা। ৩২তম ওভারে ৩ উইকেটে ১২৪-এর পর তো আরও। সেখান থেকেই দক্ষিণ আফ্রিকার উল্টোযাত্রার শুরু। ১২৪ রানেই পড়ল তিন-তিনটি উইকেট। দেখতে না দেখতেই ৭ উইকেটে ১২৭। কোমায় চলে যাওয়া ইংল্যান্ড হঠাৎই লাফঝাঁপ শুরু করল। কিন্তু এই ম্যাচ তো লো স্কোরিং থ্রিলার হওয়ার সংকল্প নিয়ে রেখেছে। এ কারণেই ভ্যান উইক ও স্টেইন ৩৩ রানের একটা জুটি করে ফেললেন, যেটি ম্যাচ উইনিং পার্টনারশিপই হয়ে গিয়েছিল প্রায়।শেষ চার ওভারে ১৩ রান চাই, হাতে ৩ উইকেট—এই ম্যাচ কি কেউ হারে! দক্ষিণ আফ্রিকা যে হারল, স্কোর কার্ড সেটির কৃতিত্ব দেবে ব্রেসনান আর ব্রডকে। আসল কারণটা স্কোর কার্ডে লেখা নেই। দক্ষিণ আফ্রিকা হেরেছে ওরা ‘চোকার্স’ বলে!