ইংল্যান্ডকে ঠিক পথে রাখলেন রাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে দুই ম্যাচে রান পাননি লুক রাইট। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের খেলা থেকেও যেন সব ‘রাইট’ উবে গেল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে শোচনীয় হারের পর সুপার এইটের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হার। সেমিফাইনালে ওঠার স্বপ্নটাই কঠিন হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে আবার রানে ফিরলেন রাইট। ইংল্যান্ডও ফিরে পেল নিজেদের। পাল্লেকেলেতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের ধরে রাখল ইংলিশরা।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৯ করেছিলেন রাইট। দুই ম্যাচ পর কাল ৪৩ বলে ৭৬ রানের আরেকটি বিস্ফোরক ইনিংস। ৭ বল হাতে রেখেই জিতে গেলে ইংল্যান্ড। আর দুই ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সম্ভাবনা চলে গেল খাদের কিনারে। অনেকগুলি ‘যদি’র ওপর এখন নির্ভর করছে তাদের ভাগ্য।স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডকে কাল করতে হতো ১৪৯ রান। কিন্তু যথারীতি কালও ব্যর্থ ইংলিশ ওপেনাররা। দলীয় ২১ রানে মাত্র ৪ রান করেই আউট ক্রেগ কিসওয়েটার। সেটাও টি-টোয়েন্টির সঙ্গে বেমানান, ১৪ বলে। এরপর ৩৮ রানে ফিরে গেলেন আরেক ওপেনার অ্যালেক্স হেলসও। এর পরই জুটি বাঁধলেন লুক রাইট ও এউইন মরগান। তৃতীয় উইকেটে ঠিক ১০ ওভারে ৮৯ রান এল এই জুটিতে। দূরে সরে গেল সব শঙ্কা। ৪৩ বলে ৫ চার ৫ ছক্কায় ৭৬ রান করলেও শুরুতে সাবধানীই ছিলেন রাইট। প্রথম রানটি করতে চার বল খেলতে হয়েছে তাঁকে। তবে আক্রমণ শুরু করতেই ছিন্নভিন্ন কিউই বোলাররা। একপর্যায়ে ৭ বলের ব্যবধানেই হাঁকালেন ৪টি ছক্কা। এক প্রান্ত ধরে রেখে ৩১ বলে ৩০ করে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছেন মরগান।টস জিতে ব্যাট নেওয়া নিউজিল্যান্ডের ইনিংসকে ভাগ করা যায় দুই ভাগে, প্রথম ১৪ ওভার ও শেষ ৬ ওভার। ১৪ ওভারে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ৮০। জেমস ফ্রাঙ্কলিনের ঝোড়ো ইনিংসে (৩৩ বলে ৫০) শেষ ৬ ওভারে এল ৬৮ রান। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্টিভেন ফিন। ২০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ড পেসারের সেরা বোলিং। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪৮/৬ (গাপটিল ৫, নিকোল ১১, ব্রেন্ডন ম্যাককালাম ১০, উইলিয়ামসন ১৭, টেলর ২২, ফ্রাঙ্কলিন ৫০, নাথান ম্যাককালাম ১৬*, ব্রেসওয়েল ২*; ব্রিগস ১/৩৬, ফিন ৩/১৬, ব্রেসনান ০/২৯, সোয়ান ১/২০, ব্রড ০/৩৭)। ইংল্যান্ড: ১৮.৫ ওভারে ১৪৯/৪ (কিসওয়েটার ৪, হেলস ২২, রাইট ৭৬, মরগান ৩০, বাটলার ৫*, বেয়ারস্টো ৫*; মিলস ১/২৩, সাউদি ০/৩২, ভেট্টোরি ১/২০, নাথান ম্যাককালাম ১/২২, নিকোল ০/২৯, ফ্রাঙ্কলিন ০/১২, ব্রেসওয়েল ১/৮)। ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: লুক রাইট।